বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।
মাঠের লড়াইয়ে জিতেছে বেঙ্গালুরু। এ বার মাঠের বাইরে চেন্নাইয়ের সঙ্গে অন্য ‘যুদ্ধে’ জড়িয়ে পড়ল তারা। তাদের দলের ক্রিকেটারদের অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে বেঙ্গালুরুর বিরুদ্ধে বোর্ডে অভিযোগ জানিয়েছে চেন্নাই। একটি গানের অপব্যবহার করে এবং ‘ডিজে’র বিভিন্ন মন্তব্যের মাধ্যমে চেন্নাইয়ের ক্রিকেটারদের অপমান করা হয়েছে বলে দাবি।
চেন্নাইয়ের দাবি, তাদের ইনিংস শুরুর আগে, ‘দোসা, ইডলি, সম্বর’ নামে যে বিখ্যাত তামিল গানটি রয়েছে, তা ব্যবহার করেছেন বেঙ্গালুরুর ডিজে। সেই সঙ্গে আপত্তিকর মন্তব্যও করা হয়েছে। বোর্ডের এক কর্তা বলেছেন, “আমরা অভিযোগ পেয়েছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
চেন্নাইয়ের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথন ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, “ডিজেদের কাজ হল নিজেদের দলকে সমর্থন করা। কিন্তু চিন্নাস্বামীতে অন্য জিনিস দেখতে পেয়েছিলাম আমরা। আমাদের দলের ক্রিকেটারদের বিরুদ্ধে কিছু আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সেটা উল্লেখ করেই আমরা বোর্ডকে চিঠি দিয়েছি।”
গণ আপ্পুর গাওয়া এই গান তামিলদের মধ্যে খুবই জনপ্রিয়। চেন্নাইয়ের নিজেদের মাঠে ম্যাচ থাকলে প্রায়শই এই গান ব্যবহার করা হয়। বেঙ্গালুরু ম্যাচ থাকলে তা আরও বৃদ্ধি পায়। গত বছর বেঙ্গালুরুর ক্রিকেটার জিতেশ শর্মার গান গাওয়ার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। তা নিয়ে মশকরা করেছিলেন চেন্নাই সমর্থকেরা। তখন চেন্নাই দলের পক্ষ থেকে সাফ বলে দেওয়া হয়েছিল, বিপক্ষের ক্রিকেটার এবং সমর্থকদের নিয়ে যেন কোনও রকম মজা না করা হয়।
কাশী বলেছেন, “ওই ঘটনার পর আর এমন কিছু ঘটেনি। ডিজে কোনও ভাবেই বিপক্ষের ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করতে পারে না। আমাদের সমর্থকদের আঘাত লাগা স্বাভাবিক। ডিজেদের কাজ কোনও ভাবেই আমাদের সমর্থকদের আঘাত দেওয়া নয়।”