চেন্নাই ম্যাচে গ্রিনের বোল্ড হওয়ার মুহূর্ত। ছবি: পিটিআই।
চলতি আইপিএলে একেবারেই নজর কাড়তে পারছেন না তিনি। প্রতিটি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন। তাঁর ২৫.২০ কোটি দাম নিয়েও নিরন্তর চলছে সমালোচনা। আরও এক বার সেই ক্যামেরন গ্রিনকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠল। অস্ট্রেলিয়ারই প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ মনে করেন, দাম দেখে প্রথম একাদশ নির্বাচন এ বার বন্ধ করুক কেকেআর।
চলতি আইপিএলে পাঁচটি ম্যাচের চারটিতেই হেরেছে কেকেআর। বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে একটি পয়েন্ট জুটেছে তাদের। প্রতি ম্যাচেই হয় বোলিং, না হয় ব্যাটিং মুখ থুবড়ে পড়ছে। কেকেআরের দল নির্বাচন এবং কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন ফিঞ্চ। তাঁর মতে, দলের ভারসাম্যকে প্রাধান্য দেওয়া দরকার।
ফিঞ্চ বলেছেন, “দুই স্পিনারের সামনে গ্রিন মাত্র একটা বল টিকল। স্পিনারদের সামনে ব্যাট করতে নামা ওর কাছে দুঃস্বপ্নের মতো। বিশেষ করে রান তাড়ার সময়ে। মনে হয় না দাম দেখে কাউকে দলে নেওয়া উচিত। আপনি যে ধরনের দক্ষতা চাইছেন সেটা পূরণ করাই নিলামে আসল কাজ। কাউকে বেশি দাম দিয়ে কিনেছি মানে তাকে খেলাতেই হবে এমনটা একদমই হওয়া উচিত নয়।”
মঙ্গলবার চেন্নাই ম্যাচে গ্রিনকে ছ’নম্বরে নামিয়েছিল কেকেআর। এত নীচে নামানোর জন্যও অজিঙ্ক রাহানেদের তুলোধনা করেছেন ফিঞ্চ। তাঁর কথায়, “ও নিজের অপছন্দের জায়গায় খেলেছে। ওর জায়গা সব সময় টপ অর্ডারে হওয়া উচিত। মনে হয় না ছয়ে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে ও আহামরি কোনও ইনিংস খেলেছে। আপনার কাছে টিম সেইফার্টের মতো বিশেষজ্ঞ ওপেনার রয়েছে। তাকে বসিয়ে রেখেছেন। টি-টোয়েন্টিতে চোটের জন্য সাম্প্রতিক কালে বেশি ম্যাচই খেলেনি গ্রিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সেইফার্টের কাছে অভিজ্ঞতা এবং দক্ষতা দুটোই রয়েছে। ও ভাল ফর্মেও আছে।”