ICC T20 World Cup 2026

ইংরেজদের কাছে টানা এক ডজন হার শ্রীলঙ্কার! বিশ্বকাপে সুপার এইটে শুরুতেই হোঁচট শনাকাদের, ৫১ রানে জয় ইংল্যান্ডের

ইংল্যান্ডের কাছে টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে হারল শ্রীলঙ্কা। ঘরের মাঠে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচেও ফলাফল বদলাতে ব্যর্থ দাসুন শনাকারা। ব্যাটিং বিপর্যয়ের মাসুল দিতে হল তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২
Share:

জয়ের উচ্ছ্বাস ইংল্যান্ডের ক্রিকেটারদের। ছবি: রয়টার্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচেই হোঁচট খেল শ্রীলঙ্কা। প্রতিযোগিতার অন্যতম আয়োজকেরা ইংল্যান্ডের কাছে হেরে গেল ৫১ রানে। পাল্লেকেলের ২২ গজে প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকেরা করেন ৯ উইকেটে ১৪৬। জবাবে দাসুন শনাকার দলের ইনিংস শেষ হয়ে গেল ১৬.৪ ওভারে ৯৫ রানে।

Advertisement

পাল্লেকেলের চেনা ২২ গজে সুবিধা করতে পারলেন না শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। এই নিয়ে ইংল্যান্ডের কাছে টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ হারল শ্রীলঙ্কা! স্পিন সহায়ক পিচে কোনও দলের ব্যাটারেরাই সুবিধা করতে পারেননি। দু’দল মিলিয়ে ফিল সল্টের ৪০ বলে ৬২ রানের ইনিংস ছাড়া কোনও ব্যাটারই বলার মতো কিছু করতে পারেননি। ওপেন করতে নেমে ৬টি চার এবং ২টি ছয় মারেন তিনি। দু’দলের ১২ জন আউট হয়েছেন এক অঙ্কের রানে। শূন্য রানে আউট তিন জন।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শনাকা। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে। সল্ট এক প্রান্ত আগলে রাখলেও পর পর আউট হয়েছেন জস বাটলার (৭), জেকব বেথেল (৩), টম ব্যান্টন (৬), ব্রুক (১৪), সাম কারেনরা (১১)। কিছুটা লড়াই করার চেষ্টা করেন সাত নম্বরে নামা উইল জ্যাকস। তিনি ১৪ বলে ২১ রান করেন। লিয়াম ডসন করেন ৬। জেমি ওভারটন ১০ রানে অপরাজিত থাকেন।

Advertisement

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সফলতম দুনিথ ওয়েল্লালাগে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ২১ রানে ২ উইকেট মাহিশ থিকসানার। ২৫ রানে ২ উইকেট দিলশান মধুশঙ্কার। ৩৪ রানে ১ উইকেট নেন দুষ্মন্ত চামিরা।

জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটারেরাও। চেনা ২২ গজে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে শনাকার দল। শ্রীলঙ্কা অধিনায়কের ২৪ বলে ৩০ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছুই নেই। তিনি ১টি চার এবং ২টি ছয় মারেন। পাথুম নিসঙ্ক (৯), কামিল মিশারা (৬), কুশল মেন্ডিস (৪), পবন রত্নায়েকে (০), ওয়েল্লালাগে (১০), কামিন্দু মেন্ডিস (১৩), দাসুন হেমন্তেরা (৫) কেউই দলকে ভরসা দিতে পারেননি। শেষে ১০ রানে অপরাজিত থাকেন থিকসানা।

ইংল্যান্ডের সফলতম বোলার জ্যাকস ২২ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৩ রানে ২ উইকেট আদিল রশিদ। ২০ রানে ২ উইকেট জফ্রা আর্চারের। ২৭ রানে ২ উইকেট লিয়াম ডসনের। ১৩ রানে ১ উইকেট নিয়েছেন ওভারটন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement