R Ashwin on Jasprit Bumrah

বুমরাহের পর কে সামলাবে? প্রশ্ন অশ্বিনের, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন স্পিনার

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রবিচন্দ্রন অশ্বিন। তাঁর প্রধান চিন্তা দলের বোলিং আক্রমণ নিয়ে। ব্যাটিং নিয়ে অবশ্য তেমন চিন্তা করছেন না অশ্বিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৭:৩০
Share:

রবিচন্দ্রন অশ্বিন (বাঁ দিকে) ও জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, ব্যাটিংয়ের জোরে আগামী কয়েক বছর সাদা বলের ক্রিকেটে দাপট দেখাবে ভারতীয় দল। কিন্তু ভারতকে সমস্যায় ফেলবে দলের বোলিং আক্রমণ। বিশেষ করে জসপ্রীত বুমরাহ অবসর নেওয়ার পর ভারতের বোলিং কে সামলাবেন তা নিয়ে চিন্তায় অশ্বিন।

Advertisement

‘রেভস্পোর্টজ়’-কে অশ্বিন বলেন, “সাদা বলের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মান অন্য রকমের। আমার কোনও সন্দেহ নেই যে, ব্যাটারদের দাপটে আগামী কয়েক বছর সাদা বলের ক্রিকেটে ভারত বেশ কয়েকটা ট্রফি জিতবে।” তার পরেই বোলিং নিয়ে প্রশ্ন তোলেন অশ্বিন। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “কিন্তু বুমরাহের পর কে সামলাবে? সাদা বলের ক্রিকেটে বুমরাহই তফাত গড়ে দেয়। কিন্তু ওর পর কে?”

অশ্বিনের মতে, ক্রিকেটে ব্যাটিংয়ের ক্ষেত্রে জুটি যেমন গুরুত্বপূর্ণ, বোলিংয়েও তাই। আগে বুমরাহের পাশে মহম্মদ শামি, ইশান্ত শর্মারা ছিলেন। এখন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ রয়েছেন। কিন্তু নতুন বোলার উঠে আসছে না। বুমরাহের মানের কাছাকাছিও কেউ নেই। সেটাই চিন্তার কারণ।

Advertisement

সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের দাপটের কারণেই ছোট বাচ্চারা বোলিংয়ে আগ্রহ দেখাচ্ছে না বলে মনে করেন অশ্বিন। তিনি বলেন, “বাচ্চারা বোলার হওয়ার স্বপ্ন দেখছে না। তারা ব্যাটার হতে চাইছে। কারণ, বোলিং তেমন আকর্ষণীয় নয়। সকলে এখন ছক্কা দেখতে চায়। কেউ ছক্কা মারলে তাকে তারকা বলা হয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সিরিজ় বা কোনও প্রতিযোগিতা কিন্তু বোলারেরাই জেতায়। তাই বোলিংকে অবহেলা করলে হবে না।”

বুমরাহ, শামি ও সিরাজ দীর্ঘ দিন ভারতের পেস আক্রমণ সামলেছেন। শামির কেরিয়ার শেষের পথে। সিরাজও সব ফরম্যাটে সমান সুযোগ পান না। বুমরাহকেও মাঝেমাঝে বিশ্রাম দেওয়া হয়। গত কয়েকটি সিরিজ়ে বেশ কয়েক জন পেসারকে সুযোগ দেওয়া হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপেরা উইকেট নিলেও ধারাবাহিক নন। বুমরাহের বিকল্প তৈরি করতে না পারলে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট সমস্যায় পড়বে বলেই মনে করছেন অশ্বিন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement