ভারত-পাকিস্তান ম্যাচের গ্যালারি। — ফাইল চিত্র।
ভারত-পাকিস্তান ম্যাচ হলে উত্তেজনার পারদ স্বাভাবিক ভাবেই বেশি থাকে। শুধু সমর্থক নয়, ক্রিকেটারদের মধ্যেও চাপা উত্তেজনা থাকে। দু’পক্ষই একে অপরকে টেক্কা দিতে মরিয়া থাকে। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার খুশদিল শাহের মতে, আম্পায়ারেরা সব সময়েই ভারতকে সাহায্য করেন। সে কারণেই সাম্প্রতিক কালে পাকিস্তান সাফল্য পায়নি।
পাকিস্তানের একটি পডকাস্টে সতীর্থ আব্বাস আফ্রিদির সঙ্গে বসে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করছিলেন খুশদিল। সেখানেই তিনি ভারতের প্রতি আম্পায়ারদের পক্ষপাতিত্বের কথা তুলে ধরেন।
খুশদিল বলেছেন, “ভারতের বিরুদ্ধে খেলার আবেগ সব সময়েই বাকি ম্যাচগুলোর থেকে বেশি থাকে। ওই ম্যাচের পর চাপ হালকা হয়ে যায়। আমরা যখন খেলেছি তখন ভারতকে বেশ কয়েক বার হারিয়েছি। তবে প্রায়শই কিছু জিনিস ওদের পক্ষে যেত। আম্পায়ারদের সিদ্ধান্ত ভারতের পক্ষে থাকত। সাজঘরের সিদ্ধান্তও ভারতের দিকে যেত। এমনকি ম্যাচও খেলা হত ওদের ইচ্ছানুযায়ী।”
খুশদিলের মতে, এত বিষয় তাঁদের বিপক্ষে যাওয়ার পর পাকিস্তান জিতলে খুবই ভাল লাগত। বিষয়টা তাঁরা উপভোগ করতেন।
উল্লেখ্য, শেষ পাঁচটি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবেতেই জিতেছে। পাকিস্তান শেষ বার জিতেছিল ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে।