Varun Chakravarthy

হরভজনের পরামর্শ সত্ত্বেও বরুণকে সই করায়নি চেন্নাই, ফল ভুগছে ধোনির দল, আইপিএলের আগে রুতুরাজদের দলে নতুন সদস্য

কেকেআরের হয়ে গত কয়েক বছর ধরেই ভাল খেলছেন বরুণ চক্রবর্তী। তবে সব ঠিক থাকলে তাঁকে কলকাতার বদলে চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যেত। কিন্তু হরভজন সিংহের পরামর্শ না শোনার ফল ভুগতে হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির দলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২৩:১৩
Share:

বরুণ চক্রবর্তী। — ফাইল চিত্র।

কেকেআরের হয়ে গত কয়েক বছর ধরেই ভাল খেলছেন বরুণ চক্রবর্তী। ভারতীয় দলেও নিজের জায়গা প্রতিষ্ঠা করেছিলেন। সব ঠিক থাকলে তাঁকে কলকাতার বদলে চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যেত। কিন্তু হরভজন সিংহের পরামর্শ না শোনার ফল ভুগতে হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির দলকে।

Advertisement

এক সাক্ষাৎকারে হরভজন জানিয়েছেন, তিনি বহু আগে চেন্নাইকে অনুরোধ করেছিলেন বরুণকে সই করানোর জন্য। সেই পরামর্শ শোনা হয়নি। হরভজনের কথায়, “বরুণ চ্যাম্পিয়ন বোলার। প্রথম বার ২০১৮-য় চেন্নাইয়ের নেটে ওকে দেখি। তখন প্র্যাকটিস বোলার ছিল। আমি সিএসকে-র দল পরিচালন সমিতিকে বলেছিলাম ওকে সই করানোর জন্য। সেটা করেনি ওরা। তখনই নেটে বরুণকে খেলা অসাধ্য ছিল।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষের দিকে প্রতিটি ম্যাচেই রান দিচ্ছিলেন বরুণ। হরভজনের মতে, লেংথ ভুল করার জন্যই সমস্যা হচ্ছিল। বরুণ দ্রুত ফিরে আসবেন বলেই আশা তাঁর। হরভজন বলেছেন, “সাধারণত বরুণ মজা করতে করতে ব্যাটারদের আউট করে। ব্যাকফুটে খেলতে গিয়ে ব্যাটারেরা ভুল করে। তবে এই বিশ্বকাপে ও রান হজম করেছে। সম্ভবত লেংথ বুঝতে গোলমাল করে ফেলেছে।”

Advertisement

বরুণ কি আর রহস্য স্পিনার নন? হরভজনের জবাব, “আধুনিক ক্রিকেটে কোনও রহস্য স্পিনার নেই। সেরা বোলারদের পরের বল কী হতে চলেছে সেটা এখন আগে থেকেই বুঝতে পারা যায়। সকলেই জানত ডেল স্টেনের আসল অস্ত্র আউটসুইং। তা বলে কি ওকে খেলা সহজ ছিল? বোলার ঠিক করে বল করলে সফল হবেই।”

এ দিকে, চেন্নাইয়ের ফিল্ডিং কোচ হিসাবে যোগ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার জেমস ফস্টার। সোমবার এ কথা জানানো হয়েছে। ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট, ১১টি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অতীতে ইংল্যান্ড এবং নিউ জ়িল্যান্ডের কোচিং স্টাফ ছিলেন। সম্প্রতি ডেজার্ট ভাইপার্সের হয়ে আইএলটি২০ ট্রফি জিতেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement