ICC T20 World Cup 2026

টি২০ বিশ্বকাপেও মাঠে দর্শক, বিনা বাধায় জড়িয়ে ধরলেন হার্দিককে! বৃহস্পতিবার দিল্লির ঘটনায় আবার প্রশ্ন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামের নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক ক্রিকেটপ্রেমী। বিনা বাধায় পৌঁছে যান হার্দিক পাণ্ড্যের কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২
Share:

বৃহস্পতিবার মাঠে ঢুকে এ ভাবেই হার্দিক পাণ্ড্যকে জড়িয়ে ধরেন তাঁর ভক্ত। ছবি: পিটিআই।

নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিকেট মাঠে দর্শকদের ঢোকা ভারতে নতুন ঘটনা নয়। আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল বা ঘরোয়া ক্রিকেট— সব ক্ষেত্রেই এমন ‘অনুপ্রবেশ’ দেখা যায়। বাদ থাকল না টি-টোয়েন্টি বিশ্বকাপও। বৃহস্পতিবার ভারত-নামিবিয়া ম্যাচ চলাকালীন এক দর্শক বিনা বাধায় পৌঁছে যান হার্দিক পাণ্ড্যের কাছে। অলরাউন্ডারকে জড়িয়েও ধরেন তিনি।

Advertisement

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার নামিবিয়ার ইনিংসের সময় নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে যান। সে সময় বল করতে আসেন হার্দিক। ওভার শুরুর আগে কথা বলছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে। সে সময় হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক যুবক। নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরার আগেই দৌড়ে সোজা চলে যান হার্দিকের কাছে। জড়িয়ে ধরেন প্রিয় ক্রিকেটারেকে। তিনি অবশ্য বিরাট কোহলি ১৮ নম্বর জার্সি পরেছিলেন। নিরাপত্তাকর্মীরা পৌঁছোলে ওই ভক্তকে ভাল ভাবে মাঠের বাইরে নিয়ে যেতে বলেন হার্দিক এবং সূর্য। ম্যাচের মাঝে এই ঘটনায় দু’জনকেই একটু অসন্তুষ্ট দেখিয়েছে। তবে এক নিরাপত্তাকর্মী ওই যুবককে প্রায় কোলে তুলে নিয়ে মাঠের বাইরে নিয়ে আসেন। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলার পর বল হাতে ২১ রানে ২ উইকেট নেন হার্দিক। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পান তিনি। উল্লেখ্য, বডোদরার অলরাউন্ডার দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার।

Advertisement

এর আগে গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সময়ও একই ঘটনা ঘটেছিল। সে বার হায়দরাবাদে দু’-তিন জন যুবক ঢুকে পড়েন মাঠের মধ্যে। হার্দিকের সঙ্গে তাঁরা হাত মেলান, নিজস্বীও তোলেন মাঠের মাঝে দাঁড়িয়ে। কোহলি, রোহিত শর্মার ভক্তেরাও একাধিক বার এমন ঘটনা ঘটিয়েছেন। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের একটি ম্যাচেও এক যুবক কোহলির কাছে পৌঁছে গিয়েছিলেন। বেশ কয়েক বার তাঁর কাছে এ ভাবে পৌঁছে গিয়েছেন ভক্তেরা। ফলে ভারতের ক্রিকেট মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement