ICC T20 World Cup 2026

ডাল-ভাত খাচ্ছেন, কয়েক কেজি ওজন কমেছে অভিষেকের! রবিবার পাকিস্তান ম্যাচে খেলতে পারবেন কি

পাকিস্তান-ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হওয়া কঠিন অভিষেক শর্মার। এই পরিস্থিতিতে তাঁকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে আসেন অভিষেক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২
Share:

বৃহস্পতিবার দিল্লিতে বাবা-মা, বন্ধুদের সঙ্গে অভিষেক শর্মা। ছবি: এক্স।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও অভিষেক শর্মা কবে মাঠে নামতে পারবেন, তা অনিশ্চিত। বৃহস্পতিবার অধিনায়ক সূর্যকুমার যাদবও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। যদিও দলের সঙ্গে স্টেডিয়ামে এসেছিলেন অভিষেক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এ দিনই প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছে তরুণ ওপেনারকে।

Advertisement

বৃহস্পতিবার খেলা শেষ হওয়ার পর সাজঘরে একটি ভিডিয়ো করেন অর্শদীপ সিংহ। সেই ভিডিয়োয় অর্শদীপ কথা বলেছেন অভিষেকের সঙ্গে। অর্শদীপ সতীর্থকে প্রশ্ন করেন, ‘‘কেমন আছ?’’ জবাবে অভিষেক বলেছেন, ‘‘ডাল-ভাত খাচ্ছি। ভাত-ডাল ভাল লাগছে।’’ অর্শদীপ বলেন, ‘‘তুমি কেমন?’’ অভিষেক উত্তরে বলেন,‘‘আমিও একটু ভাল। এর পর অর্শদীপ বলেন, ‘‘তোমাকে একটু রোগা লাগছে।’’ উত্তরে অভিষেক বলেন, ‘‘রোগা? কয়েক কেজি ওজন কমে গিয়েছে আমার।’’ সমাজমাধ্যমে পোস্ট করা অর্শদীপের ভিডিয়োতেও দেখা গিয়েছে অভিষেকের চোখ-মুখ একটু শুকিয়ে গিয়েছে। বরুণ চক্রবর্তী বলেছেন, ‘‘অভিষেক আগের চেয়ে ভাল আছে।’’

বেশ কিছু দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন অভিষেক। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে নামিবিয়া-ম্যাচে টসের পর সূর্য বলেন, ‘‘অভিষেক এখনও অসুস্থ। ও ভাল নেই। আমরা হয়তো ওকে একটা বা দুটো ম্যাচে পাব না। আমি সঠিক বলতে পারব না।’’ নামিবিয়ার বিরুদ্ধে খেলতে না পারলেও সাজঘরে ছিলেন অভিষেক। খেলার মাঝে তাঁকে ঈশান কিশনের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়। খেলার পর মাঠেও নামেন এক বার। তবে তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে। অভিষেক না খেললেও এ দিন মাঠে এসেছিলেন তাঁর বাবা-মা। ওপেনারের কয়েক জন বন্ধুও আসেন খেলা দেখতে।

Advertisement

আগেই জানা গিয়েছিল, অসুস্থতার জন্য অভিষেকের ওজন কিছুটা কমে গিয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে অসুস্থতা নিয়েই খেলতে নামেন। প্রথম ওভারে আউট হওয়ার পর আর দেখা যায়নি তাঁকে। ফিল্ডিং করেননি। ম্যাচের পরও সাজঘরের বাইরে আসেননি। এর পর দিল্লিতে কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রাখতে গেলেও অল্প সময়ের মধ্যে হোটেলে ফিরে যান। পরিস্থিতির উন্নতি না হওয়ায় অভিষেককে বুধবার দিল্লির এক হাসপাতালে ভর্তি করানো হয়। সে দিন সন্ধ্যায় তাঁকে ছেড়েও দেওয়া হয় তাঁকে।

অভিষেকের শরীরের যা পরিস্থিতি, তাতে পাকিস্তান-ম্যাচের আগে খেলার মতো জায়গায় আসা কঠিন। এই পরিস্থিতিতে তাঁকে খেলিয়ে ঝুঁকি না নেওয়ার কথাই ভাবছে ভারতীয় শিবির। সলমন আলি আঘাদের বিরুদ্ধেও সম্ভবত তাঁকে সাজঘরে রেখেই মাঠে নামবেন সূর্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement