ICC T20 World Cup 2026

পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ফেভারিট মানছেন না রোহিত! কেন সূর্যদের এগিয়ে রাখতে পারছেন না, জানালেন প্রাক্তন অধিনায়ক

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচে সূর্যকুমার যাদবদের এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। রোহিত শর্মা তা করছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫২
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। ছবি: পিটিআই।

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সূর্যকুমার যাদবদের সতর্ক করে দিলেন রোহিত শর্মা। ভারতীয় দলকে ফেভারিট বলেও মানতে নারাজ তিনি। সলমন আলি আঘার দলকে হালকা ভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। রোহিতের কাছে ভারত-পাক ম্যাচে পরিসংখ্যানের গুরুত্ব নেই।

Advertisement

গত বার রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দেশের হয়ে খেললেও এখন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রাক্তন। দুবাইয়ে এক অনুষ্ঠানে ভারত-পাক ম্যাচ নিয়ে রোহিত বলেছেন, ‘‘প্রথমত বলি, ফেভারিট এই শব্দটায় আমার বিশ্বাস নেই। ফেভারিট বলে কিছু হয় না। এই ম্যাচটার আকর্ষণই আলাদা। দারুণ মজার। গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাক ম্যাচে অনেক কিছু ঘটেছে। সব দলই এখন প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। মাঠে নামব আর জিতে ২ পয়েন্ট পাব, এ রকম ভেবে খেলা যায় না। ২ পয়েন্ট পেতে হলে নির্দিষ্ট দিনে আপনাকে ভাল ক্রিকেট খেলতেই হবে। না হলে খালি হাতেও ফিরতে হতে পারে।’’

রোহিতের মতে, যারা ভাল খেলবে তারা জিতবে। এই ম্যাচে কোনও দল এগিয়ে থেকে মাঠে নামে না। এ রকম ভেবে খেলাও যায় না। পাকিস্তানকে হালকা ভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, ‘‘আপনি অতীতে কী করেছেন সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। দল এখন কেমন খেলছে, ক্রিকেটারেরা ফর্মে আছে না নেই, এ সবের উপর নির্ভর করে ফলাফল। এখন যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। তাই ভাল খেলতেই হবে। এটাই আসল। নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের উপর সব কিছু নির্ভর করে।’’

Advertisement

দেশকে ২০২৪ সালে বিশ্বকাপ দেওয়ার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। এ বার তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচার দূত করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement