সলমন আলি আঘার বিতর্কিত রান আউটের মুহূর্ত। ছবি: এক্স।
সলমন আলি আঘার বিতর্কিত রান আউট নিয়ে লেগে গেল পাকিস্তান-বাংলাদেশের। শুক্রবার দ্বিতীয় এক দিনের ম্যাচে পিচের নন স্ট্রাইকার প্রান্তে ক্রিজ়ের বাইরে দাঁড়িয়ে থেকে রান আউট হয়ে যান সলমন। এতে ক্ষুব্ধ সলমন বাংলাদেশের খেলোয়াড়ি মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। জবাব দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহদি হাসান মিরাজ়ও।
রান আউট হওয়ার পর মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সলমন। হেলমেট, গ্লাভস ছুড়ে ফেলে দেন মাঠ ছাড়ার সময়। উত্তেজিত ভাবে তাঁকে কিছু বলতেও দেখা যায়। পরে পাক ব্যাটার বলেছেন, ‘‘আমি সব সময় আইন মেনে খেলার পক্ষে। তবে যে কোনও পরিস্থিতিতে খেলোয়াড়সুলভ মনোভাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কেউ যদি মনে করে আমাকে এ ভাবে আউট করে ঠিক করেছে, তা হলে সে ঠিক করেছে। এ রকম পরিস্থিতিতে আমি কিন্তু এমন করতাম না। আমার ক্রিকেট ভাবনা অন্য রকম। খেলোয়াড়সুলভ মনোভাবকে গুরুত্ব দিতাম। অতীতে কখনও এমন কিছু করিনি। ভবিষ্যতেও করব না।’’
আউট হওয়ার পর মেজাজ হারানো নিয়ে সলমন বলেছেন, ‘‘ কী হয়েছে, সকলে দেখেছেন। উত্তেজনার বশে হয়ে গিয়েছে। বললাম তো, আমি এ রকম কখনও করব না। বিষয়টাকে অন্য ভাবেও দেখা যেত। যা হয়েছে, উত্তেজনার কারণেই হয়েছে।’’ উত্তেজিত ভাবে কী বলছিলেন মাঠ ছাড়ার সময়? সলমন বলেছেন, ‘‘কিছু একটা বলছিলাম। কী, মনে নেই। এখন আর বলতে পারব না। এটুকু বলতে পারি, ভাল কিছু বলছিলাম না। এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে ঠিক আছে। মিরাজ়ের সঙ্গে আউটটা নিয়ে কথা বলিনি। হয়তো পরে সময়-সুযোগ পেলে বলব।’’
সলমন অবশ্য মেনে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করেননি। তা-ও ক্ষুব্ধ সলমন আরও বলেছেন, ‘‘রান শেষ করার পর বল এসে আমার প্যাডে লাগে। বলটা তুলে ফেরত দিতে চেয়েছিলাম। রান নেওয়ার কোনও উদ্দেশ্য আমার ছিল না। বলটা ফেরত দেওয়া ছাড়া আর কিছুই করতে চাইনি। মিরাজ় হয়তো অন্য কিছু ভেবেছিল। আমি ওকে বাধা দিইনি। আমার গায়ে লেগে বল অন্য দিকে চলে গেলেও রান নিতাম না।’’
সলমনকে আউট করা নিয়ে মিরাজ়ের কোনও আক্ষেপ নেই। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘‘সলমন ক্রিজ়ের অনেকটা বাইরে ছিল। আমার নজর ছিল বলের দিকে। মিসফিল্ড হলে সলমন নিশ্চয়ই রান নেওয়ার চেষ্টা করত। আমি বিষয়টাকে এ ভাবেই দেখছি।’’
ঘটনাটি পাকিস্তানের ইনিংসের ৩৯ তম ওভারের। বোলার ছিলেন মিরাজ়। ব্যাট করছিলেন মহম্মদ রিজ়ওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজ়ওয়ান। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা সলমন বলের সামনে থেকে সরে যান। মিরাজ় বলটি পা দিয়ে আটকান। সেটি থামার আগেই ক্রিজ়ের বাইরে থাকা সলমন হাত দিয়ে তুলতে যান। সেই সুযোগে মিরাজ় দ্রুত বল তুলে উইকেটে ছুড়ে দেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হন সলমন।