IPL 2026

কলকাতায় আসার আগেই সমস্যায় কেকেআরের নতুন ক্রিকেটার! পাক বোর্ডের সঙ্গে চুক্তি ভাঙায় আইনি সমস্যায় পড়তে পারেন জোরে বোলার

ব্লেসিং মুজ়ারাবানির সঙ্গে চুক্তি ছিল পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের। সেই চুক্তি ভেঙে কেকেআরের হয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন জ়িম্বাবোয়ের জোরে বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৩৪
Share:

ব্লেসিং মুজ়ারাবানি। —ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আসছেন ব্লেসিং মুজ়ারাবানি। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন জ়িম্বাবোয়ের জোরে বোলার। পরে কেকেআরের প্রস্তাব পেয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা আইনি পদক্ষেপ করতে পারেন।

Advertisement

পিএসএলের নিলামে দল না পাওয়া মুজ়ারাবানিকে ইসলামাবাদ ইউনাইটেড সই করিয়েছিল শামার জোসেফের পরিবর্ত হিসাবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তাঁর। পরে সিদ্ধান্ত বদলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে মুজ়ারাবানিকে দলে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। এ ভাবে চুক্তি ভাঙায় জ়িম্বাবোয়ের ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

আইপিএল খেলার জন্য পিএসএলের চুক্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। গত মরসুমে একই ভাবে পেশোয়ার জ়ালমির চুক্তি ভেঙে মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিনশ বশ। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন পিসিবি কর্তারা। পিএসএল কর্তৃপক্ষ মুজ়ারাবানির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারেন। সে ক্ষেত্রে আগামী কয়েক বছর মুজ়ারাবানি পিএসএল খেলতে পারবেন না। তবে আইপিএলে খেলতে তাঁর সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় আসার কথা।

Advertisement

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফর্ম করেছিলেন মুজ়ারাবানি। ছ’ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement