বিরাট কোহলি (বাঁ দিকে) এবং কেন উইলিয়ামসন। — ফাইল চিত্র।
শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড সিরিজ চলার মাঝেই তাঁর এই ঘোষণায় অনেকেই অবাক। অবসরের পর উইলিয়ামসনকে বার্তা দিলেন বিরাট কোহলি। তিনি জানালেন, জীবন সবে শুরু হল। ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে ‘ফ্যাব ফোর’ নামে যাঁরা পরিচিত ছিলেন, তাঁদের দু’জন হলেন কোহলি এবং উইলিয়ামসন। কোহলি আগেই টেস্ট খেলা ছেড়ে দিয়েছিলেন। এখন মাত্র একটি ফরম্যাটে খেলেন। উইলিয়ামসন পুরোপুরি ক্রিকেটই ছেড়ে দিলেন। ‘ফ্যাব ফোর’-এর বাকি দুই সদস্য জো রুট এবং স্টিভ স্মিথ এখনও টেস্ট ক্রিকেট খেলেন।
এ দিন কোহলি সমাজমাধ্যমে লিখেছেন, “গত কয়েক বছরে বিপক্ষ থেকে বন্ধু হয়ে উঠেছি আমরা। তোমাকে ব্যাট করতে দেখে এবং এত বছর তোমার বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুব ভাল লেগেছে। আমি তার চেয়েও বেশি সমীহ করি আমাদের বন্ধুত্বকে এবং মাঠের বাইরে যে দৃষ্টিভঙ্গির আদান-প্রদান করেছি তাকে। যত বারই আমাদের কথা হবে এবং দেখা হবে, সেই মুহূর্তগুলো আমার মনে থেকে যাবে। তোমার ভবিষ্যতের জন্য সব রকম শুভেচ্ছা রইল ভাই। তুমি নিজের কাজ করে দিয়েছ। এখন তোমার উপভোগ করার সময়। জীবন তো সবে শুরু হল।”
২০১০-এর নভেম্বরে ভারতের বিরুদ্ধে অহমদাবাদে টেস্ট অভিষেক হয় উইলিয়ামসনের। প্রথম ম্যাচেই তিনি শতরান করেন। তিন মাস পরে ভারতের বিরুদ্ধেই এক দিনের ক্রিকেটে অভিষেক হয়। সব ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিদায় নিলেন উইলিয়ামসন। ১১০টি টেস্টে ৩৩টি শতরান এবং ৩৮টি অর্ধশতরানের সাহায্যে ৯৫১৫ রান করেছেন। এক দিনের ক্রিকেটেও তাঁর রেকর্ড ভাল। ১৭৫টি ম্যাচে ৭২৫৬ রান করেছেন। ১৫টি শতরান এবং ৪৭টি অর্ধশতরান রয়েছে। অবসর নেওয়ার ফলে পরের বছর এক দিনের বিশ্বকাপে তাঁকে দেখা যাবে না।
উইলিয়ামসন একজন দক্ষ নেতাও। নিউ জ়িল্যান্ডকে তিনি ৪০টি টেস্ট, ৯১টি এক দিনের ম্যাচ এবং ৭৫টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে নিউ জ়িল্যান্ড ২০১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। পাশাপাশি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বিজেতা নিউ জ়িল্যান্ডই। উইলিয়ামসনের নেতৃত্বে ২০২১-এ ভারতকে হারায় তারা।