ICC Women T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ভারতের, নেদারল্যান্ডসকে ৯৫ রানে হারালেন হরমনপ্রীতেরা

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা বাড়ালেন হরমনপ্রীত কৌরেরা। গ্রুপ পর্বে টানা দু’ম্যাচ জিতলেন এক দিনের বিশ্বজয়ীরা। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সহজ জয় পেলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ২২:৩৯
Share:

জয়ের উচ্ছ্বাস ভারতীয় মহিলা দলের। ছবি: এক্স।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতল ভারত। পাকিস্তানের পর নেদারল্যান্ডসকে ৯৫ রানে হারালেন হরমনপ্রীত কৌরেরা। প্রথমে ব্যাট করে ভারত করে ৫ উইকেটে ২০৯। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ১৭.৩ ওভারে ১১৪ রানে।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক বাবেত্তে ডি লিড। প্রথমে ব্যাট করার সুযোগ হাতছাড়া করেননি স্মৃতি মন্ধানারা। ভারতীয় দলের সহ-অধিনায়ক করেন ৪৭ বলে ৭৪ রান। মারেন ১১টি চার এবং ১টি ছয়। অপর ওপেনার শেফালি বর্মা করেন ৩৮ বলে ৫৫। ১০টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। ১৩ বলে ১৯ রান করে আউট হয়ে যান জেমাইমা রদ্রিগেজ। ৮ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন রিচা ঘোষ। ১টি চার এবং ২টি ছয় মারেন শিলিগুড়ির উইকেটরক্ষক-ব্যাটার। হরমনপ্রীত করেন ৯ বলে ১২। ২ বলে ১০ রান করে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। নেদারল্যান্ডসের সফলতম বোলার ক্যারোলিন ডি ল্যাঙ্গ ৩২ রানে ২ উইকেট নিয়েছেন। ৩১ রানে ১ উইকেট হেথার সিগার্সের।

জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বলার মতো লড়াই করতে পারেননি নেদারল্যান্ডসের ব্যাটারেরা। সর্বোচ্চ অধিনায়ক লিডের ২৭ বল ২৮। ৩টি চার মারেন তিনি। এ ছাড়া ওপেনার সিগার্স করেন ১৬ বলে ২১। ৪টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। এ ছাড়া ফেবে মকেনবোর ১৫ এবং স্টের কালিস ১৮ রান করেছেন।

Advertisement

ভারতের সফলতম বোলার শ্রী চরণী ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। ২০ রানে ৩ উইকেট শেফালির। ২২ রানে ২ উইকেট নন্দিনী শর্মার। ২৬ রানে ১ উইকেট দীপ্তির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement