(বাঁ দিকে) ঋষভ পন্থ এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।
আইপিএলে পর আবার লাল বলের ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। পরের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ়গুলির আগে প্রয়োজনীয় পরীক্ষা সেরে নেওয়ার সুযোগ কোচ গৌতম গম্ভীরের সামনে।
আফগানিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাডেজারে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের জন্য নেই হর্ষিত রানা। এই পরিস্থিতিতে কয়েক জন তরুণ ক্রিকেটারকে দেখে নিতে পারেন গম্ভীর। বিশেষ করে বোলিং নিয়ে পরীক্ষার পথে যেতে পারেন। ব্যাটিং অর্ডারেও নতুন ভাবনার সুযোগ রয়েছে। প্রশ্ন রয়েছে ঋষভ পন্থকে নিয়েও। শুক্রবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে গম্ভীরের কৌশলী উত্তর, ‘‘আমরা পন্থের খেলার ধরন পাল্টাতে চাই না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের পরিস্থিতিকে সম্মান করতে হয়। ক্রিকেটারদের সেই মতো খেলতে হয়।’’ ভারতীয় দলের কোচ বুঝিয়ে দিয়েছেন, পন্থের আগ্রাসী ব্যাটিংয়ে আপত্তি না থাকলেও দায়িত্বজ্ঞানহীন মনোভাব পছন্দ নয়।
সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। টেস্ট দলেও জায়গা টলমল। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে বহুবার দলকে ডুবিয়েছেন। পরিস্থিতি বুঝে ব্যাটিং না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যা নিয়ে ভারতীয় শিবিরের অনেকেই বিরক্ত। তাই আফগানিস্তান টেস্ট শুরুর আগের দিন কোচ গম্ভীরকেও জিজ্ঞেস করা হয় পন্থের ব্যাটিং নিয়ে। উল্লেখ্য, শনিবার, ৬ জুন থেকে শুরু হবে ভারত-আফগানিস্তান টেস্ট।