Mango preservation without refrigerator

ফ্রিজ ছাড়াই আম থাকবে টাটকা! জেনে নিন সংরক্ষণের সহজ ঘরোয়া কয়েকটি উপায়

ফ্রিজে না রেখেও কয়েকটি সহজ ও ঘরোয়া উপায়ে আমকে বেশ কিছুদিন সতেজ ও খাওয়ার উপযোগী রাখা সম্ভব। শুধু বাজার থেকে আম কেনার পরে কয়েকটি ধাপ মেনে চলতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৭:০৭
Share:

ছবি: সংগৃহীত।

গ্রীষ্মে বাঙালির পাতে আম থাকবে না, তা কি হয়! এ বার রাজ্যে আমের ফলন ভাল হওয়ায় দামও হাতের নাগালে। তাই ভাল আম পেলে একসঙ্গে অনেকটাই কিনে নিচ্ছেন আমপ্রেমীরা। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বাড়িতে আনার পরে। ফ্রিজে আর কত আম রাখা যায়! আর পাঁচটা জিনিসের পাশে চার-পাঁচ কিলো আমের জায়গা বার করা সহজ নয়। আবার প্রচণ্ড গরমে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আম বাইরে ফেলে রাখলেও দ্রুত মজে যাওয়া বা পচে যাওয়ার ভয় থাকে। তবে এই সমস্যার সমাধানও রয়েছে।

Advertisement

আম ফ্রিজে না রেখেও কয়েকটি সহজ ও ঘরোয়া উপায়ে বেশ কিছুদিন সতেজ ও খাওয়ার উপযোগী রাখা সম্ভব। শুধু বাজার থেকে আম কেনার পরে কয়েকটি ধাপ মেনে চলতে হবে।

১. বাজার থেকে আম কিনে আনার পরই অন্তত ২-৩ ঘণ্টা একটি বালতি বা গামলায় ঠাণ্ডা জল দিয়ে তাতে আম ডুবিয়ে রাখুন। এতে আমের ভিতরের স্বাভাবিক তাপমাত্রা কমে যায়। ফলে দ্রুত পাকতে শুরু করে না। জল থেকে তোলার পর প্রতিটি আম শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। যেন গায়ে বিন্দুমাত্র জল লেগে না থাকে। তা হলে গায়ে দাগ হয়ে যেতে পারে।

Advertisement

২. আমের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের অতিরিক্ত গরম হাওয়া থেকে বাঁচাতে হলে প্রতিটি আম যে কোনও সাধারণ কাগজে মুড়িয়ে রাখুন। এর পর পিচবোর্ডের বাক্সে বা ঝুড়িতে সেগুলো পাশাপাশি সাজিয়ে রাখুন। এতে আম সহজে মজে যাবে না বা কালো দাগও ধরবে না।

৩. প্লাস্টিকের ব্যাগে আম কখনওই রাখবেন না। বাক্স না থাকলে মেঝেতে চট বা খবরের কাগজ বিছিয়ে তার উপর আমগুলো ছড়িয়ে রাখতে পারেন।

৪. আম সংরক্ষণের জন্য ঘরের এমন একটি কোণ বেছে নিন যেখানে সরাসরি রোদ বা তাপ আসে না, কিন্তু বাতাস চলাচল করে।

৫. আম সাজিয়ে রাখার সময় গাদাগাদি করে রাখবেন না। একটি আমের থেকে অন্যটির কিছুটা দূরত্ব বজায় রাখুন।

৬. এর পরেও কাজ শেষ হবে না। প্রতিদিন এক বার করে আমগুলি পরীক্ষা করুন। কোনও আমে কালো দাগ দেখলে বা নরম হতে শুরু করেছে বলে বুঝতে পারলে, সেগুলি বাকি আমের থেকে সরিয়ে ফেলুন।

এই কয়েকটি সহজ পদ্ধতিতে ফ্রিজ ছাড়াই দিন সাতেক আম সংরক্ষণ করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement