Health Updates Of Director Sujit

চেয়েও ছবি পরিচালনা করতে পারেননি, যন্ত্রণা কুরে কুরে খেত তাঁকে! গুরুতর অসুস্থ সুজিত গুহ

দিন ১৫ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ। গুরুতর অবস্থায় যাদবপুরের এক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এখন আগের তুলনায় ভাল আছেন বর্ষীয়ান পরিচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৮:০৮
Share:

গুরুতর অসুস্থ পরিচালক সুজিত গুহ। ছবি: ফেসবুক।

নিজের বাড়িকেই চিনতে পারছেন না বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ! চিনতে পারছেন হাতেগোনা কিছু প্রিয়জনকে। সম্প্রতি, মস্তিষ্কের রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ‘অমরসঙ্গী’ ছবির পরিচালক। বয়স হয়েছে ৭৬। আনন্দবাজার ডট কম-কে এ খবর জানিয়েছেন, সঙ্গীত পরিচালক সূর্যজ্যোতি রাজা। এখন আগের তুলনায় ভাল আছেন সুজিতবাবু, এ কথাও জানিয়েছেন তিনি। অকৃতদার এই পরিচালক তাঁর ভাগ্নের সঙ্গে থাকেন।

Advertisement

সূর্যজ্যোতির কথায়, “চিকিৎসক জানিয়েছেন, এস্কেমিক স্ট্রোকে আক্রান্ত সুজিতবাবু। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সঠিক চিকিৎসায় আগের তুলনায় ভাল আছেন তিনি। তবে কিছু স্মৃতি তাঁর নষ্ট হয়ে গিয়েছে।” সুরকার জানিয়েছেন, বয়সজনিত কারণে অল্প অ্যালঝাইমার্স ছিলই পরিচালকের। এই অসুস্থতা সেই রোগের প্রকোপ বাড়িয়েছে।

‘দাদামণি’, ‘অমর সঙ্গী’, ‘অমর প্রেম’, ‘মনে মানে না’র মতো অসংখ্য ব্লকবাস্টার ছবির পরিচালক সুজিত। এখনও ‘অমর সঙ্গী’র হিট গান ‘চিরদিনই তুমি যে আমার’ সমস্ত অনুষ্ঠানে শোনান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই পরিচালক বহু বছর ধরে কর্মহীন! সূর্যজ্যোতির আক্ষেপ, “কাজপাগল ছিলেন। ছবি পরিচালনা করতে চাইতেন। সেটা করতে না পারার যন্ত্রণা তাঁকে কুরে কুরে খেয়েছে। চিকিৎসক জানিয়েছেন, সম্ভবত এই মানসিক চাপ থেকেই মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত তিনি।”

Advertisement

সম্প্রতি, আর্টিস্ট ফোরামের একাধিক বৈঠকে দেখা গিয়েছিল সুজিত গুহকে। তিনি আবার ছবি বানাবেন, এমন খবরও শোনা যাচ্ছিল। তার মধ্যেই অসুস্থ তিনি। আর কি সুজিত ছবি বানাতে পারবেন? সূর্যজ্যোতির দাবি, “আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। সকলের সঙ্গে কথা বলছেন। এ ভাবে চললে হয়তো কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন সুজিতদা। তখন নিশ্চয়ই ছবি পরিচালনা করতে পারবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement