Women's T20 World Cup 2026

রবিবার টি২০ বিশ্বকাপে কি ভারত-পাক ক্রিকেটারেরা হাত মেলাবেন? জবাব ভারত অধিনায়ক হরমনপ্রীতের

রবিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। আবার কি দেখা যাবে করমর্দন বিতর্ক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০০:২৩
Share:

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

অবশেষে কি করমর্দন বিতর্কের সমাপ্তি হবে? না আরও এক বার সেই একই দৃশ্য দেখা যাবে? রবিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সেখানে কি দু’দলের ক্রিকেটারেরা হাত মেলাবেন? এই প্রশ্নের জবাবে ধোঁয়াশা রেখে দিলেন ভারতের মহিলা দলের কোচ হরমনপ্রীত কৌর।

Advertisement

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হরমনপ্রীতকে এই প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। তার বাইরে আমরা কিছু নিয়ে কথা বলছি না।” হরমনপ্রীত স্পষ্ট করে না বললেও যা মনে হচ্ছে, আগের দৃশ্যই আরও এক বার দেখা যাবে। অর্থাৎ, দুই দলের ক্রিকেটারেরা হাত মেলাবেন না। গত বছর এক দিনের বিশ্বকাপের ম্যাচেও ফাতিমা সানাদের সঙ্গে হাত মেলাননি হরমনপ্রীতেরা। সেই ছবি আরও এক বার দেখা যেতে পারে।

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে মুখোমুখি সাক্ষাতে ভারত ১৩-৩ ব্যবধানে এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরিসংখ্যান ভারতের পক্ষে ৬-২। যদিও পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে যে চাপ থাকে, সে কথা স্বীকার করে নিয়েছেন হরমনপ্রীত। তিনি বলেন, “যখন সমর্থক হিসাবে খেলা দেখতাম, তখনও চাপে থাকতাম। খেলা শুরু করার পর থেকে চাপ আরও বেশি থাকে। এই কথা অস্বীকার করার কোনও জায়গা নেই।”

Advertisement

তবে এই ম্যাচকে বেশি গুরুত্ব দিতে চাইছে না ভারত। বাকি সব ম্যাচের মতোই দেখতে চাইছে তারা। অধিনায়ক বলেন, “আমরা একে অপরকে বলেছি, খেলতে নেমে ক্রিকেট উপভোগ করতে হবে। এই ম্যাচকে বাকি সব ম্যাচের মতোই দেখছি। তাতে চাপ কিছুটা কমে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

প্রথম ম্যাচেই সামনে পাকিস্তান। এতে এক দিক থেকে তাঁদের সুবিধা হয়েছে বলেই মনে করেন হরমনপ্রীত। তিনি বলেন, “প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ সামনে। এই ম্যাচ জিতলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে। বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতা সব সময় জরুরি। তাতে একটা ছন্দ তৈরি হয়ে যায়। গত বছর এক দিনের বিশ্বকাপে যে মানসিকতা নিয়ে নেমেছিলাম, সেই মানসিকতা নিয়েই এই ম্যাচে নামব।” ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দু’টি কঠিন দল রয়েছে। তাই পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন হরমনপ্রীতেরা।

রবিবার বার্মিংহ্যামে মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement