India Vs England T20I Series

এর থেকে খারাপ সময় আসা সম্ভব নয়! হারের হ্যাটট্রিকের পর এক জনকেই দায়ী করলেন ভারত অধিনায়ক শ্রেয়স

হারের হ্যাটট্রিক হয়েছে অধিনায়ক শ্রেয়স আয়ারের। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর একটি ওভারকেই দায়ী করেছেন শ্রেয়স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ২৩:২৩
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের ইনিংসের ১৫ ওভারের পরেও শ্রেয়স আয়ার ভেবেছিলেন, অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতবেন। কিন্তু তাঁর আশা শেষ করে দিলেন জেকব বেথেল। তাঁর অপরাজিত ৭৬ রানের ইনিংসে জিতল ইংল্যান্ড। কিন্তু এই হারের জন্য রবি বিশ্নোইয়ের একটি ওভারকেই দায়ী করেছেন শ্রেয়স। সরাসরি দোষ না দিলেও তাঁর নিশানায় রয়েছেন বিশ্নোই।

Advertisement

ইংল্যান্ডকে জিততে শেষ ২৪ বলে দরকার ছিল ৪৯ রান। খুব কঠিন লক্ষ্য না হলেও ম্যাঞ্চেস্টারের বড় মাঠে তা করা খুব সহজও ছিল না। কিন্তু ১৭তম ওভারে ২৯ রান দেন বিশ্নোই। সেখানেই খেলা ঘুরে যায়।

খেলা শেষে শ্রেয়সকে হারের কারণ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার মনে হয়, আমরা সকলেই জানি কোথায় হেরেছি। কিন্তু সরাসরি কাউকে দায়ী করতে চাই না।” এ কথা বলার পরেও ঘুরিয়ে বিশ্নোইয়ের দিকেই আঙুল তোলেন শ্রেয়স। তিনি বলেন, “আমি ভেবেছিলাম, প্রথম বলে নো করার পর ও ফিরে আসবে। কিন্তু পারল না। ওই ওভারটাই আমাদের হারিয়ে দিল। আশা করি ও শিক্ষা নেবে।”

Advertisement

ইংল্যান্ডের জয়ের কৃতিত্ব দু’জনকে দিয়েছেন শ্রেয়স। বল হাতে স্যাম কারেন ও ব্যাট হাতে বেথেল। কারেন চার ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। বেথেল ৪৬ বলে অপরাজিত ৭৬ রান করেন। শ্রেয়স বলেন, “দুই ইনিংসেই প্রথম ১৫ ওভার খেলা আমাদের হাতে ছিল। কিন্তু ওরা আসল সময়ে ম্যাচে ফিরল। কারেন অফ স্টাম্পের বাইরে ক্রমাগত বল করে গেল। পিচ বুঝে বুদ্ধি করে বল করল। বেথেল পরিকল্পনা করে শট খেলল। ঠিক বোলারকে নিশানা করল।”

অভিষেকে বৈভব জোড়া ছক্কা মারলেও লম্বা ইনিংস খেলতে পারেনি। তবে তার উপর ভরসা রয়েছে শ্রেয়সের। তিনি বলেন, “ওর মানসিকতা দুর্দান্ত। ভয় পায় না। নেটে ওর ব্যাটিং দেখে অবাক লাগে। ওর কাছেও অনেক কিছু শিখি। আমি জানতাম, অভিষেকে ওর উপর চাপ থাকবে না। সেটাই দেখলাম।”

অধিনায়ক হিসাবে হারের হ্যাটট্রিক হয়েছে। এখার থেকে সামনের দিতে তাকাচ্ছেন শ্রেয়স। অধিনায়ক বলেন, “আমার আত্মবিশ্বাস কমেনি। আমি জানি, এর থেকে খারাপ সময় আসা সম্ভব নয়। এ বার সামনের দিকে তাকাতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement