ICC T20 World Cup 2026

ব্যাটারদের দায়ী করলেও বোলারদের কোনও দোষ দেখছেন না সূর্য! ৭৬ রানের বিশাল হারের পরেও নির্লিপ্ত ভারত অধিনায়ক

বিশ্বকাপের সুপার এইটের শুরুটা খারাপ হয়েছে ভারতের। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পরেও অধিনায়ক সূর্যকুমার যাদব নির্লিপ্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

বড় প্রতিযোগিতায় দীর্ঘ দিন পর হেরেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১২ জয়ের পর হারতে হয়েছে সূর্যকুমার যাদবদের। আর সেই হার এসেছে সুপার এইটের শুরুতেই। অহমদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেছে ভারত। সুপার এইটের শুরুতে হোঁচট খেলেও নির্লিপ্ত সূর্য। খুব একটা চিন্তা করতে দেখা গেল না ভারত অধিনায়ককে।

Advertisement

খেলা শেষে সূর্য জানিয়ে দিলেন, ব্যাটারদের ব্যর্থতার জন্য হারতে হয়েছে। বোলারেরা নিজেদের কাজ করেছেন। সূর্য বলেন, “আমরা শুরুতে ভাল বল করেছি। আবার শেষ দিকেও ভাল বল করেছি। মাঝে ৭ থেকে ১৫ ওভারে ওরা খেলার দখল নিয়েছিল। তবে সব মিলিয়ে আমাদের বোলিং ভাল হয়েছে। কিন্তু ব্যাটিং ভাল করতে পারিনি। সেই কারণেই হারতে হল।”

১৮৮ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। সূর্যও সেই পাওয়ার প্লে-র কথাই জানালেন। তিনি বললেন, “১৮৫ রানের বেশি তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে ম্যাচ জেতা যায় না। কিন্তু পাওয়ার প্লে-তে ম্যাচ হারা যায়। আমাদের সেটাই হয়েছে। পাওয়ার প্লে-তে খুব বেশি উইকেট হারিয়েছি। পরেও জুটি হয়নি। সেই কারণেই হারতে হয়েছে।”

Advertisement

তবে এখনও সেমিফাইনালে ওঠার আশা ছাড়েননি সূর্য। তিনি জানেন, পরের দুই ম্যাচ জিতলে অনেকটাই সুযোগ থাকবে। এই হার থেকে শিক্ষা নিয়ে সেখানে নামতে চান তিনি। সূর্য বলেন, “এই হার থেকে শিক্ষা নেব। এখনও দুটো ম্যাচ বাকি। সেখানে ভাল খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ক্ষেত্রেই উন্নতি করতে হবে। আশা করি সেটা আমরা পারব।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত বারের চ্যাম্পিয়ন ভারত। তার উপর এ বার দেশের মাটিতে খেলা। ফলে বাড়তি চাপ দলের উপর থাকবেই। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও চার ম্যাচেই সমস্যায় পড়েছে ভারতের ব্যাটিং। সুপার এইটেও সেই রোগ সারেনি। তার পরেও সূর্যকে দেখে মনে হল না, খুব একটা চিন্তায় তিনি। নির্লিপ্ত ভাবেই কথা বললেন ভারত অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement