IPL 2026

মুস্তাফিজুরের খেলতে না পারা নিয়ে অবশেষে মুখ খুলল ভারতীয় বোর্ড, বিপাকে পড়া কেকেআরের পাশে আইপিএল চেয়ারম্যান ধুমল

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রভাব পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও। নিরাপত্তার কারণে ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তা নিয়ে মুখ খুলেছেন আইপিএল কর্তা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:৪০
Share:

মুস্তাফিজুর রহমান। —ফাইল চিত্র।

একাধিক সংগঠন এবং রাজনৈতিক দলের প্রতিবাদের জেরে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের জোরে বোলারকে ছেঁটে ফেলতে হওয়ায় ধাক্কা খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের বোলিং আক্রমণ আইপিএল শুরুর অনেক আগেই ঘেঁটে যায়। তা নিয়ে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

Advertisement

মুস্তাফিজুরের খেলতে না পারা নিয়ে সাবধানী মন্তব্য করেছেন ধুমল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘আমি শুধু বলব, এটা দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার কিছু জানা নেই। মাঝে মাঝে কিছু ঘটনা এমন ভাবে ঘটে, যেগুলো দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় সরকারের কোনও বক্তব্য বা ভূমিকা রয়েছে। সরকার সার্বিক ভাবে ক্রিকেটের সমর্থক।’’ ধুমল আরও বলেছেন, ‘‘কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। আশা করব, সকলের শুভবুদ্ধির উদয় হবে। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।’’

দলের অন্যতম দুই প্রধান জোরে বোলার হর্ষিত রানা এবং মাথিশা পাথিরানাকে পাচ্ছে না কেকেআর। আর নিলামে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেও মুস্তাফিজুরকে আইপিএলে খেলাতে পারছে না কেকেআর। অথচ তিনি ফিট। আইপিএল শুরুর আগেই সমস্যায় পড়ে যান অজিঙ্ক রাহানেরা। কিছু সংগঠনের দাবি মেনে বাংলাদেশের বোলারকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এত দিন চুপ ছিলেন বিসিসিআইয়ের কর্তারা। অবশেষে মুখ খুললেন ধুমল।

Advertisement

মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রভাব পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতের মাটিতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। ওই ঘটনার পর ভারতের মাটিতে লিটন দাসদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশের তৎকালীন তদারকি সরকার। জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কর্তারা নানা ভাবে বুঝিয়েও রাজি করাতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আয়োজিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইপিএল খেলতে না পারা মুস্তাফিজুর অবশ্য বসে নেই। তিনি লাহৌর কলন্দর্সের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলছেন। ভারতের ২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছেন লাহৌর কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement