কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট দল। ছবি: পিটিআই।
কোন ১১ জনকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন অভিষেক নায়ার, অজিঙ্ক রাহানের সামনে। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে কেকেআর। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। খেলা হলে হয়তো সেটিও হারত তারা। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার প্রথম পাঁচ ম্যাচে জয় পায়নি দল। এই পরিস্থিতিতে শুক্রবার অহমদাবাদের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে দলে চারটি বদল হতে পারে।
আগের দুই ম্যাচে হারের পর রাহানে বদলের কথা বলেছেন। কিন্তু সেই রকম বড় কিছু বদল হয়নি। তবে এ বার হতে পারে। কারণ, দলের বেশ কয়েক জন ক্রিকেটার ফর্মে নেই। তাঁদের ক্রমাগত খেলিয়ে দল সমস্যায় পড়ছে। তালিকায় ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিরাও রয়েছেন। এই পরিস্থিতিতে নাম না দেখে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ওপেনিংয়ে ফিন অ্যালেনের উপর ভরসা দেখিয়েছিল কেকেআর। কিন্তু প্রথম পাঁচ ম্যাচে তিনি ব্যর্থ। ফলে তাঁরই দেশের টিম সেইফার্টকে খেলানো হতে পারে। একই সঙ্গে খেলানো হতে পারে রাচিন রবীন্দ্রকে। আগের ম্যাচেই রাচিনকে খেলানো উচিত ছিল। কিন্তু তা করেননি রাহানেরা। ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিন পর পর ম্যাচে হতাশ করছেন। না করছেন রান, না পাচ্ছেন উইকেট। এ বার তাঁকে বসানোর সময় হয়েছে। আর নাম দেখলে চলবে না কেকেআরকে।
ঠিক একই যুক্তিতে বাদ পড়তে পারেন রিঙ্কু সিংহ। দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাঁকে। কিন্তু ব্যাট হাতে তাঁর হাল খুব খারাপ। মিডল অর্ডার সমস্যায় পড়ছে। তাঁর বদলে অনামী সার্থক রঞ্জনকে খেলাতে পারে কেকেআর। অনুশীলনে ভাল খেলেছেন সার্থক। প্রতিপক্ষের কাছে অচেনা তিনি। তাঁর বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা করতে পারবে না গুজরাত। বড় শট খেলার ক্ষমতা রয়েছে সার্থকেরা। রভম্যান পাওয়েলের সঙ্গে তাঁর জুটি কাজে লাগতে পারে।
আরও একটি বদল হতে পারে কেকেআরের পেস আক্রমণে। বৈভব অরোরা প্রতি ম্যাচে প্রচুর রান দিচ্ছেন। তাঁর বদলে দক্ষ কামরাকে খেলানো হতে পারে। অচেনা পেসার কী করতে পারেন, তা কয়েক দিন আগেই দেখিয়েছেন প্রফুল্ল হিঙ্গে ও সাকিব হুসেন। সেই পরিকল্পনা করেই দক্ষকে খেলাতে পারে কেকেআর।
কলকাতার সম্ভাব্য একাদশ— টিম সেইফার্ট, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, সার্থক রঞ্জন, রভম্যান পাওয়েল, রমনদীপ সিংহ, অনুকূল রায়, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, দক্ষ কামরা, কার্তিক ত্যাগী (ইমপ্যাক্ট প্লেয়ার)।