IPL 2026

পাওয়ার প্লে-তেই শুভমনদের ফেরাতে চায় কেকেআর, একটিও ম্যাচ না খেলা রাচিন ফিরলেন দেশে, নেট বোলিং শুরু বরুণের

দীর্ঘ দিন পর ইডেনে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার তাদের সামনে গুজরাত। কেকেআরের পরিকল্পনা হল, যত দ্রুত সম্ভব বিপক্ষের টপ অর্ডারকে সাজঘরে ফেরানো। এমনটাই জানালেন বোলার কার্তিক ত্যাগী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৯:৫৪
Share:

কেকেআরের উচ্ছ্বাসের একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

দীর্ঘ দিন পর ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে তাদের সামনে গুজরাত। সেই ম্যাচের আগে কেকেআরের পরিকল্পনা খুবই সহজ। যত দ্রুত সম্ভব বিপক্ষের টপ অর্ডারকে সাজঘরে ফেরানো। ম্যাচের আগে এমনটাই জানালেন বোলার কার্তিক ত্যাগী। এ দিনই কেকেআর জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতি নেওয়ার জন্য দেশে ফিরে গিয়েছেন রাচিন রবীন্দ্র। পাশাপাশি বল করা শুরু করেছেন বরুণ চক্রবর্তী।

Advertisement

গুজরাতের প্রথম তিন ব্যাটার সাই সুদর্শন, শুভমন এবং জস বাটলারই রান তোলার আসল দায়িত্ব নেন। তুলনায় কিছুটা ভঙ্গুর তাদের মিডল অর্ডার। সেটা কি কেকেআরের পক্ষে সুবিধার? কার্তিকের কথায়, “এ বারের আইপিএলে পাওয়ার প্লে-তে আমরা বিশেষ সুবিধা করতে পারিনি। তাই নতুন বোলার এসে যতগুলো উইকেট নেয় ততই ভাল। মাঝের দিকে স্পিনারেরা বল করে। ওরা রান কম দিলে পরের দিকে ডেথ ওভারে আমাদের সুবিধা হয়ে যায়। তাই আমাদের মাথায় এটা রয়েছে যে শুরুতেই যদি দুই ওপেনারকে আউট করতে পারি তা হলে অনেকটা এগিয়ে যেতে পারব।”

অঙ্কের হিসাবে এখনও কেকেআর রয়েছে প্লে-অফের দৌড়ে। সাজঘরের মধ্যে কী আলোচনা হচ্ছে? কার্তিকের উত্তর, “এখনও আমাদের তিনটে ম্যাচ বাকি। সেটা সকলের মাথায় রয়েছে। কাদের বিরুদ্ধে খেলছি, সেই ম্যাচে কেমন খেলতে হবে, কৌশল কী হবে— এই সব জিনিসই আমাদের মাথায় রয়েছে।”

Advertisement

এ বার আইপিএলে জোরে বোলারেরা প্রচুর রান হজম করছেন। তুলনায় কিছুটা কম রান হজম করেছেন কার্তিক। বুদ্ধি কাজে লাগিয়ে বল করছেন। কী পরিকল্পনা ছিল? কার্তিকের কথায়, “আইপিএলে আগে বাড়িতে থাকার সময়ই ভাবছিলাম, এ বার কেকেআরের হয়ে খেলব। কী পিচ পাব, কাদের বিরুদ্ধে খেলব, কেমন পরিস্থিতি থাকবে সবই মাথায় রাখতাম। কোনও মাঠে ভাল পিচ পেলে বেশি করে শর্ট বল করি। কোথাও মন্থর পিচ থাকলে স্লোয়ার দিই। প্রত্যেক বল নিয়ে পরিকল্পনা থাকে।”

এ দিন নেটে বরুণের বোলিংয়ের ভিডিয়ো সংবাদমাধ্যমকে পাঠিয়েছে কেকেআর। তাঁর উপর নজর রাখছেন চিকিৎসকেরা। বরুণের খেলা প্রসঙ্গে কার্তিক বলেছেন, “আমার কোনও ধারণা নেই। সকলেই জানেন ওর পায়ে চোট লেগেছে। তবে ওকে খেলানো হবে কি না সেই সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। অনুশীলনের পর হয়তো বলতে পারব।”

৪ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ শুরু নিউ জ়িল্যান্ডের। সেই সিরিজ়ের প্রস্তুতি নিতে নিজের দেশে ফিরেছেন রাচিন। আইপিএলে কেকেআর তাঁকে একটি ম্যাচেও খেলায়নি। বার বার অলরাউন্ডার বা স্পিনারেরা ব্যর্থ হলেও এক বারও রাচিনের নাম ভাবা হয়নি। সময় নষ্ট না করে তিনি দেশে ফিরে গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement