তিলক বর্মা। ছবি: পিটিআই।
মুম্বইকে একার হাতে হারা ম্যাচ জিতিয়েছেন তিনি। আইপিএলে পঞ্জাবকে ফেলে দিয়েছেন আরও বিপদে। বৃহস্পতিবার ২০১ রান তাড়া করে মুম্বইয়ের জয়ের নেপথ্যনায়ক তিলক বর্মা একটি ওভারকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিলেন। সেই ওভারটি যুজবেন্দ্র চহলের। বাঁহাতি ব্যাটার ফাঁস করেছেন জয়ের মন্ত্রও।
১৬তম ওভারে বল করতে এসেছিলেন চহল। আগের ওভারগুলিতে ভাল বল করলেও সেই ওভারে ২০ রান হজম করেন। তিলক ১০৬ মিটারের একটি ছক্কা মারেন। ওই ওভারে ২০ রান ওঠে।
সেই প্রসঙ্গে তিলক বলেছেন, “দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় কোচকে বলেছিলাম, একটা বড় ওভার পেলেই ম্যাচটা শেষ করে দিতে পারব। শুধু আমার উপর বিশ্বাস রাখুন। দলকে জেতানোর দায়িত্ব আমার। এটা বলার পরেই একটা বড় ওভারের দিকে নজর ছিল আমার। দুর্ভাগ্যবশত সেটা যুজি ভাইয়ের ওভার ছিল।”
তিলক জানিয়েছেন, রান তাড়া করে দলকে জেতানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। আন্তর্জাতিক অভিজ্ঞতাই তাঁকে সাহায্য করেছে। তিলকের কথায়, “আমি বরাবরই বলি যে ম্যাচ শেষ করতে ভালবাসি। বিশ্বকাপ এবং আন্তর্জাতিক ম্যাচে খেলার ফলে কী ভাবে ম্যাচ শেষ করতে হয় তাঁর একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে। আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা দুটোই বেড়েছে। নিজেকে আরও উন্নত করেছি।”
তিলকের মতে, ধর্মশালার পিচে খেলা সহজ ছিল না। তাই অপেক্ষা করতে হয়েছে শেষ দিকের ওভারের জন্য। তিলক বলেছেন, “আমরা ভাবিনি পিচ এ রকম হবে। বল ধীরগতিতে নিচু হয়ে আসছিল। তাই বড় শট খেলা সহজ ছিল না। আমরা দেখেছিলাম পঞ্জাব কী ভাবে প্রথম ১৫ ওভারে খেলতে সমস্যায় পড়েছিল। পরে আজমাতুল্লা এবং বিষ্ণু চালিয়ে খেলে। তাই আমরা শেষের দিকের ওভার পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম।”