লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ইনিংস শুরু করবেন লোকেশ রাহুল। প্রতিযোগিতা শুরুর পাঁচ দিন আগেই জানিয়ে দিলেন কোচ হেমাঙ্গ বাদানি। দলের সেরা ব্যাটারকে যত বেশি সম্ভব বল খেলার সুযোগ করে দেওয়াই লক্ষ্য দিল্লি শিবিরের।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিল্লির কোচ বাদানি এবং ডিরেক্টর অফ ক্রিকেট বেনুগোপাল রাও। গত বছর গোটা আইপিএলে নির্দিষ্ট ওপেনিং জুটি বেছে নিতে পারেনি দিল্লি। সাতটি ভিন্ন ওপেনিং জুটি ব্যবহার করেছিল তারা। স্বাভাবিক ভাবেই ওপেনিং জুটি নিয়ে প্রশ্ন ওঠে। বাদানি বলেছেন, ‘‘ওপেনিং জুটি কী হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে রাহুলকে আমরা ওপেনার হিসাবে খেলাব। পুরো আইপিএলেই রাহুলকে ওপেনার হিসাবে খেলানোর ভাবনা রয়েছে।’’
গত আইপিএলে ১৫০ স্ট্রাইক রেটে ৫৩৯ রান করেছিলেন রাহুল। সাদা বলের ক্রিকেটে ব্যাটার রাহুল এখন অনেক বেশি আত্মিশ্বাসী। রাহুলের সঙ্গী হিসাবে বেশ কয়েক জনের নাম রয়েছে বাদানিদের ভাবনা। অভিষেক পোড়েল, পাথুম নিসঙ্কা, পৃথ্বী শয়ের মতো আগ্রাসী ব্যাটারেরা দলে রয়েছেন।
গত মরসুমে পাঁচ জন ব্যাটারকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওপেন করিয়েছিল দিল্লি শিবির। এত পরীক্ষা-নিরীক্ষা করেও প্রত্যাশিত ফল আসেনি। এ বার তাই স্থায়ী ওপেনিং জুটি চাইছেন দিল্লির কোচ। গত মরসুমে প্রথমে ওপেন করে ফ্যাফ ডুপ্লেসি-জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক জুটি। তার পর ডুপ্লেসি-রাহুল জুটি। তার পর অভিষেক-করুণ নায়ার জুটি। এর পর ডুপ্লেসি-অভিষেক জুটি। তাতেও প্রত্যাশিত ফল না পাওয়ায় রাহুল-ম্যাকগার্ক জুটিকে। শেষে আবার ডুপ্লেসি-নায়ার জুটি।