LA Knight Riders

বিদেশে নিজেদের মাঠ নাইট রাইডার্সের! প্রথম দল হিসাবে নজির শাহরুখ খানদের

আমেরিকার টি-টোয়েন্টি লিগে প্রথম দল হিসাবে নিজেদের মাঠ পাচ্ছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। দ্রুত দলের জন্য খুলে দেওয়া হবে মাঠ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২১:৫৭
Share:

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। ছবি: এক্স।

আমেরিকার মাটিতে ক্রিকেট শুরু হলেও এত দিন কোনও দলের নিজস্ব মাঠ ছিল না। আমেরিকার টি-টোয়েন্টি লিগে প্রথম দল হিসাবে নিজেদের মাঠ পাচ্ছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। দ্রুত দলের জন্য খুলে দেওয়া হবে মাঠ। ক্যালিফর্নিয়ার পোমোনায় ফেয়ারফ্লেক্সে চালু হতে চলেছে নাইট রাইডার্স ক্রিকেট ফিল্ড।

Advertisement

মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সব খেলা এ বার থেকে এই মাঠেই হবে। ২০২৮ সালের অলিম্পিক্সে শুরু হতে চলেছে ক্রিকেট। সেই সব ম্যাচও এই মাঠেই হবে বলে খবর। একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই মাঠে বসে বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলা দেখতে পারবেন দর্শকেরা। আধুনিক মাঠের সব সুযোগ সুবিধা থাকছে এই মাঠে।”

এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমেরিকায় বেশ কিছু খেলা হয়েছিল। সেখানে ক্রিকেট শুরু হলেও এত দিন মূলত বেসবল বা ফুটবলের মাঠে ক্রিকেট হত। বিশ্বকাপের সময় কয়েকটি মাঠ তৈরি করা হয়েছিল। পরে সেই স্টেডিয়াম ভেঙে দেওয়া হয়। এ বার সব রকম সুবিধাযুক্ত একটি মাঠের উদ্বোধন হতে চলেছে আমেরিকায়।

Advertisement

নতুন মাঠ নিয়ে নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান সমাজমাধ্যমে লেখেন, “বছরের পর বছর ধরে বিশ্ব জুড়ে নিজেদের পরিচিতি তৈরি করেছে নাইট রাইডার্স। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের নিজেদের মাঠ দেখে খুব ভাল লাগছে। আমেরিকা ক্রিকেটের বড় বাজার। ধীরে ধীরে সেখানে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। মানুষ মাঠে এসে খেলা দেখতে চাইছে। তাই এই নতুন অধ্যায় শুরু হল। আশা করছি, এতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জনপ্রিয়তা আরও বাড়বে।”

বিশ্ব জুড়ে নাইট রাইডার্সের চারটি দল রয়েছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, আমেরিকার মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স ও আইএলটি২০ লিগে আবু ধাবি নাইট রাইডার্স। ২৮ মার্চ থেকে ভারতে শুরু আইপিএল। সেখানে নামছে কেকেআর। তার আগে নতুন পালক জুড়ল নাইট রাইডার্সের মুকুটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement