IPL 2026

কেকেআরের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে গেলেও শুক্রবার গুজরাত ম্যাচে খেলতে পারবেন না পাথিরানা, জানা গেল নেপথ্য কারণ

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন মাথিশা পাথিরানা। তার পরেও শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না শ্রীলঙ্কার পেসার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২২:৩৬
Share:

মাথিশা পাথিরানা। —ফাইল চিত্র।

সমস্যার মাঝেই স্বস্তির খবর পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাথিশা পাথিরানার চোট পুরোপুরি সেরে গিয়েছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। তার পরেও শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না শ্রীলঙ্কার পেসার। জানা গেল তার নেপথ্য কারণ।

Advertisement

‘দ্য হিন্দু’-কে কেকেআরের এক মুখপাত্র জানিয়েছেন, পাথিরানাকে ভারতে আনার প্রক্রিয়া চলছে। এখনও কিছু কাজ বাকি। সেটা হয়ে গেলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। শুক্রবার গুজরাত ম্যাচে খেলতে না পারলেও রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভবনা রয়েছে। সব রকম চেষ্টা করছে কেকেআর।

আইপিএলের নিলামে ১৮ কোটি টাকায় পাথিরানাকে কিনেছিল কেকেআর। এর আগে চেন্নাই সুপার কিংসে খেলতেন তিনি। সেখানে ডেথ ওভারে নজর কেড়েছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পান পাথিরানা। বিশ্বকাপে আর খেলতে পারেননি।

Advertisement

বিশ্বকাপ শেষেও পাথিরানার খেলা নিয়ে সংশয় ছিল। তাঁর ফিটনেস পরীক্ষা না নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে ছাড়তে রাজি ছিল না। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন পাথিরানা। তাই তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন দেখার কবে পাথিরানা কেকেআর শিবিরে যোগ দেন।

এ বারের আইপিএলে সমস্যায় রয়েছে কেকেআর। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটি হেরেছে তারা। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। এখনও জয়ের মুখ দেখেননি অজিঙ্ক রাহানেরা। দলের পেস আক্রমণ সমস্যায় রয়েছে। এই পরিস্থিতিতে পাথিরানা দলে যোগ দিলে শক্তি বাড়বে কেকেআরের। সেই আশায় রয়েছেন রাহানেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement