ICC T20 World Cup 2026

সত্যিই কি ঝামেলা হয়েছে সলমন আর হেসনের? নিউ জ়িল্যান্ড ম্যাচের আগে মুখ খুললেন পাকিস্তানের কোচ, কথা বললেন বাবরকে না নামানো নিয়েও

নামিবিয়া ম্যাচের মাঝেই প্রকাশ্যে এসেছিল যে, কোচের উপর রেগে গিয়ে জলের বোতল মাটিতে ছুড়ে ফেলছেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। কোচ মাইক তার উত্তর দিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩
Share:

সলমন আঘা (বাঁ দিকে) এবং মাইক হেসন। — ফাইল চিত্র।

নামিবিয়া ম্যাচের মাঝেই প্রকাশ্যে এসেছিল পাকিস্তানের ডাগআউটের একটি দৃশ্য। কোচের উপর রেগে গিয়ে জলের বোতল মাটিতে ছুঁড়ে ফেলতে দেখা গিয়েছিল পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে। সুপার এইটে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেই নিয়ে কোচ মাইক হেসনকে প্রশ্ন করা হলে তিনি তা উড়িয়েই দিলেন। কেন আগের দিন বাবর আজ়মকে নামানো হয়নি, দিয়েছেন সেই প্রশ্নের উত্তরও।

Advertisement

সলমনের সঙ্গে ভিডিয়ো নিয়ে তিনি বলেছেন, “আমাকে পাঠানো হয়েছে ভিডিয়োটা। দেখে বুঝেছি, পুরো ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি বলছি কী হয়েছে। আমি সলমনের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। তার আগে নওয়াজ়কে বলি, প্যাড পরতে। কারণ ও বাঁ হাতি। সলমন সবে আউট হয়েছিল। ফলে এমনিতেই হতাশ ছিল। তাই জন্যই বোতলটা মাটিতে ছুড়ে ফেলেছে। তার সঙ্গে আমাদের কথাবার্তার কোনও সম্পর্ক নেই।”

নামিবিয়া ম্যাচে এক সময় পাকিস্তান পাঁচ উইকেট হারালেও নামানো হয়নি বাবর আজ়মকে। তার জন্য স্ট্রাইক রেট বা ভারত ম্যাচের ব্যর্থতা দায়ী নয় বলে জানিয়েছেন হেসন। তাঁর কথায়, “বাবর জানে যে দলে ওর ভূমিকা ঠিক কী। এটাও জানে যে পাওয়ার প্লে-তে ওর স্ট্রাইক রেট ১০০-রও কম। মাঝের দিকে দরকার পড়লে বাবর ভাল খেলে দিতে পারে। বিশেষ করে আমরা সমস্যায় পড়লে। আমেরিকার বিরুদ্ধে সেটা আমরা দেখেছিলাম। ও ধীরে ধীরে স্ট্রাইক রেট বাড়িয়েছে।”

Advertisement

হেসনের সংযোজন, “আগের ম্যাচে ১২তম ওভারের ওই পরিস্থিতি বাবরের জন্য আদর্শ ছিল না। আমাদের হাতে আরও ব্যাটার ছিল যারা সেই সময় বেশি ভাল খেলতে পারত। বাবর নিজেই সেটা স্বীকার করেছে।”

বাবর তবু খেলার সুযোগ পেয়েছিলেন। বাদই দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে। সে প্রসঙ্গে হেসন বলেছেন, “খারাপ খেলার জন্য শাহিন বাদ পড়েছে এমন বলতে রাজি নই। সে দিন সলমন মির্জ়া খেলার ব্যাপারে এগিয়ে ছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement