মহম্মদ শামি। —ফাইল চিত্র।
মহম্মদ শামির আন্তর্জাতিক ক্রিকেটজীবন কি শেষ? আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং এক দিনের সিরিজ়ের দল ঘোষণার পর এই প্রশ্ন আবার উঠল। প্রধান নির্বাচক অজিত আগরকরকেও এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আগরকর জানিয়েছেন, নির্বাচনী বৈঠকে শামিকে নিয়ে আলোচনা হয়নি।
সাংবাদিক বৈঠকে আগরকরকে প্রশ্ন করা হয়, আপনারা কি শামিকে ভারতীয় দলের জন্য আর ভাবছেন না? উত্তরে প্রধান নির্বাচক বলেছেন, ‘‘না, শামিকে টেস্ট দলে রাখা নিয়ে কোনও আলোচনা হয়নি। আমাদের যা জানানো হয়েছে, এই মুহূর্তে শামি শারীরিক ভাবে পাঁচ দিনের ম্যাচ খেলার মতো জায়গায় নেই। জানি, শামি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছে। তবে আমাদের যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, শামি এখন শুধু টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলার মতো জায়গায় রয়েছে। তাই ওকে নিয়ে কোনও আলোচনা হয়নি।’’
বাংলার অভিজ্ঞ জোরে বোলার নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলছেন। আইপিএল খেলছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। ভাল পারফর্মও করছেন। তা-ও তাঁকে গত বছর মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না। আগরকরেরা বার বার শামির ফিটনেসের সমস্যার কথা বলছেন। তা নিয়ে অতীতে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন শামি। রঞ্জি ট্রফিতে তাঁর বোলিং দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন অন্যতম জাতীয় নির্বাচক রুদ্রপ্রতাপ সিংহও। অথচ তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না।
ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ভারতের জোরে বোলিং দুর্বলতা নিয়ে নানা সমালোচনা হয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের একাংশ শামিকে ফেরানোর দাবি তুলেছিলেন। কারণ শারীরিক কারণে সব টেস্ট খেলতে পারছেন না জসপ্রীত বুমরাহ। আফগানিস্তানের বিরুদ্ধেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের জন্য নেই হর্ষিত রানাও। তা-ও শামির কথা না ভেবে তরুণ বোলারদের সুযোগ দিয়েছেন আগরকরেরা।