ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসাবে বিদায়, শেষ ম্যাচ জিতলেও আর নেই কোনও সুযোগ

বিশ্বকাপ থেকে বিদায় নিল একটি দল। প্রথম দল হিসাবে এ বারের বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা। শনিবার হারার ফলে তাদের সামনে সুপার এইটে যাওয়ার আর কোনও সুযোগ নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়। প্রথম দল হিসাবে ছিটকে গেল ওমান। শনিবার আয়ারল্যান্ডের কাছে হারতেই ছুটি হয়ে গেল ওমানের। শেষ ম্যাচে জিতলেও আর কোনও ভাবেই সুপার এইটে যেতে পারবে না তারা।

Advertisement

‘বি’ গ্রুপে রয়েছে ওমান। তারা তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হারল। শেষ ম্যাচ জিতলে তারা সর্বোচ্চ ২ পয়েন্টে পৌঁছোতে পারে। এই গ্রুপে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে ইতিমধ্যেই ৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে। দু’টি দলই নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আয়ারল্যান্ডের তিন ম্যাচে ২ পয়েন্ট। ওমানের শেষ ম্যাচ ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

শনিবার টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ওমান। কলম্বোয় আয়ারল্যান্ড ২০ ওভারে ৫ উইকেটে ২৩৫ রান তোলে। এ বারের বিশ্বকাপে এটিই এখনও পর্যন্ত ইনিংসে সর্বোচ্চ রান। রান তাড়া করতে নেমে ওমান ১৮ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায়।

Advertisement

আয়ারল্যান্ডের জয়ের নায়ক অধিনায়ক লরকান টাকার। তিনি ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। ১০টি চার ও চারটি ছক্কা মারেন তিনি। অষ্টম ওভারের মধ্যে ৬৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল আয়ারল্যান্ডের। সেখান থেকে দলের হাল ধরেন টাকার। ৩০ বলে ৫৬ রান করেন গ্যারেথ ডেলানি। জর্জ ডকরেল ৫টি ছক্কা মেরে ৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। ওমানের শাকিল আহমেদ ৩ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে আমির কলিম ও হাম্মাদ মির্জা ছাড়া ওমানের কোনও ব্যাটার রান করতে পারেননি। এই দু’জন ছাড়া সুফিয়ান মেহমুদ শুধু দু’অঙ্কের রানে পৌঁছোন। আয়ারল্যান্ডের জর্জ লিটল ৩টি এবং ম্যাথু হামফ্রেইস ও ব্যারি ম্যাকার্থি ২টি করে উইকেট নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement