PCB on Tri-Series After Afghanistan Pulls Out

আফগানিস্তান দল তুলে নিলেও ত্রিদেশীয় প্রতিযোগিতা হবেই! জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তানে হওয়ার কথা ত্রিদেশীয় প্রতিযোগিতা। পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি সেখানে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু পাকিস্তানের হামলার প্রতিবাদে নাম তুলে নিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২১:৪৮
Share:

পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। —ফাইল চিত্র।

ত্রিদেশীয় সিরিজ়ের সূচিতে কোনও বদল হবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে হওয়ার কথা ত্রিদেশীয় প্রতিযোগিতা। পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি সেখানে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটারের মৃত্যু হওয়ায় প্রতিবাদে নাম তুলে নিয়েছে তারা। তার পরেও যে সূচি মেনেই সিরিজ় হবে, তা ঘোষণা করেছে পাক বোর্ড।

Advertisement

আফগানিস্তান নাম তুলে নেওয়ায় বিকল্প দলের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “আফগানিস্তান নাম তুলে নিলেও সূচি মেনেই ত্রিদেশীয় প্রতিযোগিতা হবে। বিকল্প একটি দলের কথা আমরা ভাবছি। অনেক দেশের সঙ্গে কথা চলছে। এক বার ঠিক হয়ে গেলেই আমরা জানিয়ে দেব। ১৭ নভেম্বর থেকেই প্রতিযোগিতা শুরু হবে। শ্রীলঙ্কা খেলতে আসবে।”

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার পর শুক্রবার রাতেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তাতে তিন জন ক্রিকেটার-সহ মোট আট জনের মৃত্যু হয়েছে।

Advertisement

পাক হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ় থেকে নাম তুলে নিয়েছে। বোর্ডের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। রশিদ লেখেন, ‘‘এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে।’’

এর আগে রশিদ সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে তরুণ ক্রিকেটারদের, যাঁরা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এ ভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।’’ তবে আফগানিস্তান নাম তুলে নিলেও যে সিরিজ় হবে তা জানিয়ে দিল পাক বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement