Pakistan Cricket Controversy

পাক ক্রিকেটে অর্থের সঙ্কট! পাকিস্তান সুপার লিগের বহু দলকে আইনি নোটিস, পাল্টা দাবি দলমালিকদের

পাকিস্তান সুপার লিগের বেশ কয়েকটি দলকে আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২১:৫৪
Share:

পিএসএল ট্রফি। —ফাইল চিত্র।

পাকিস্তান ক্রিকেটে এ বার অর্থের সঙ্কট দেখা দিয়েছে। পাকিস্তান সুপার লিগের বেশ কয়েকটি দলকে আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দিতে। পাল্টা দলের মালিকদের দাবি, তাঁদের প্রাপ্য টাকা আটকে রেখেছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ার জন্য যে টাকা বোর্ডকে দিতে হয়, সেই টাকা এখনও দেয়নি বহু দল। এমনকি, গত বছরের টাকাও বাকি রয়েছে। যদি দ্রুত সব টাকা মিটিয়ে দেওয়া না হয়, তা হলে ভবিষ্যতে সেই দলকে নির্বাসিত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাল্টা দাবি করেছে বেশ কয়েকটি দল। তাদের মালিকদের দাবি, বকেয়া সব টাকা তাঁরা মিটিয়ে দিয়েছেন। কিন্তু প্রতিযোগিতার লভ্যাংশের যে ভাগ তাঁদের পাওয়ার কথা, তা এখনও পাননি তাঁরা। সেই টাকার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা।

Advertisement

তবে দলগুলির এই দাবি মানতে চায়নি পাক বোর্ড। তারা জানিয়েছে, গত বছরের লিগের সময় এই দলগুলির কাছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা বকেয়া ছিল বোর্ডের। সেই টাকা তারা এখনও পায়নি। বকেয়া টাকা না মিটিয়ে এই ধরনের দাবির কোনও ভিত্তি নেই বলেই জানিয়েছে পাক বোর্ড।

শুধু পাকিস্তান সুপার লিগের দল নয়, সম্প্রচারকারী সংস্থার কাছেও টাকা বকেয়া রয়েছে বলে দাবি করেছে বোর্ড। সেই টাকার অঙ্ক আরও বেশি। নকভির নেতৃত্বাধীন বোর্ডের দাবি, ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকা বকেয়া রয়েছে। যে সংস্থা সম্প্রচারের দায়িত্ব পেয়েছিল তারা পাকিস্তান সুপার লিগে রাওয়ালপিন্ডি দলের সঙ্গে যুক্ত। ফলে রাওয়ালপিন্ডির উপর চাপ বাড়াচ্ছে পাক বোর্ড। সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটে সমস্যা আরও বাড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement