Pakistan Cricket

পাকিস্তান ক্রিকেটের খোলনলচে বদলানোর চেষ্টায় নকভি! উপদেষ্টা কমিটিতে চার প্রাক্তন ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরের হাল ঠিক করার চেষ্টা করছেন মহসিন নকভি। তিনি ভরসা করছেন প্রাক্তন ক্রিকেটারদের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ২৩:১৩
Share:

মহসিন নকভি। —ফাইল চিত্র।

অবশেষে কি মহসিন নকভি বুঝতে পেরেছেন, প্রাক্তন ক্রিকেটারদের দায়িত্ব না দিলে পাকিস্তান ক্রিকেটের অন্দরের হাল ঠিক হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটিতে আরও চার প্রাক্তন ক্রিকেটারকে নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

Advertisement

ইতিমধ্যেই উপদেষ্টা কমিটিতে তিন প্রাক্তন ক্রিকেটারকে রাখা হয়েছে। তাঁদের মধ্যে পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক মিসবাহ উল হক ও সরফরাজ় আহমেদ রয়েছেন। যা ইঙ্গিত, তাতে পাকিস্তানের আরও দুই প্রাক্তন অধিনায়ক ইউনুস খান ও মহম্মদ হাফিজ়কে পাক বোর্ডের উপদেষ্টা কমিটিতে রাখা হতে পারে।

এই প্রসঙ্গে নকভি জানিয়েছেন, ক্রিকেটের জ্ঞান থাকা ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হবে। তিনি বলেন, “কয়েক জন প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে। আমার মতে, ক্রিকেটীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রিকেটের জ্ঞান থাকা ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া দরকার।” নকভি আরও বলেন, “আমি চাই, এই সব ক্রিকেটীয় মস্তিষ্ক একসঙ্গে মিলে পাকিস্তানের জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা করবে ও সিদ্ধান্ত নেবে। তাতে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হবে।”

Advertisement

তিনি নিজে ক্রিকেটের মধ্যে নাক গলাতে চান না বলে জানিয়েছেন নকভি। পাক বোর্ডের প্রধানের কথায়, “আমি কখনওই ক্রিকেটীয় বিষয়ে নাক গলাই না। খুব বেশি হলে পরামর্শ দিতে পারি। ইতিমধ্যে চার জন প্রাক্তন ক্রিকেটার দায়িত্ব নিতে তৈরি। ওঁদের উপর আমার বিশ্বাস রয়েছে। আশা করছি দেশের ক্রিকেটের উন্নতি হবে।”

গত কয়েক বছরে পাকিস্তানের ক্রিকেটের মান কমেছে। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে তারা। ২০১৭ সালের পর কোনও আইসিসি ট্রফি জেতেনি পাকিস্তান। এই পরিস্থিতিতে অনেকেই প্রাক্তন ক্রিকেটারদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। সেই পথেই এগোচ্ছেন নকভি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement