IPL 2026

রাজস্থানে গিয়েও চেন্নাইকে ভোলেননি জাডেজা! পুরনো দলকে হারিয়ে সেই দলেরই লোগোতে চুমু জাড্ডুর

এই বছরের নিলামের আগে তাঁকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তার পরেও চেন্নাইকে ভুলতে পারেননি রবীন্দ্র জাডেজা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৭:১৯
Share:

খলিল আহমেদের (বাঁ দিকে) জার্সিতে চেন্নাই সুপার কিংসের লোগোয় চুমু রবীন্দ্র জাডেজার। ছবি: এক্স।

দল ছেড়ে দিলেও প্রেম যায়নি। এই বছরের নিলামের আগে তাঁকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তার পরেও চেন্নাইকে ভুলতে পারেননি রবীন্দ্র জাডেজা। সোমবার চেন্নাইকে হারিয়ে সেই দলেরই লোগোতে চুমু খেলেন জাডেজা।

Advertisement

সোমবার গুয়াহাটিতে রাজস্থানের মুখোমুখি হয়েছিল চেন্নাই। সহজেই সেই ম্যাচ জেতে রাজস্থান। প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে যায় চেন্নাই। জবাবে ২ উইকেট হারিয়ে ১২.১ ওভারে ম্যাচ জিতে যায় রাজস্থান।

খেলা শেষে দেখা যায় একটি দৃশ্য। মাঠে দাঁড়িয়ে পুরনো সতীর্থ খলিল আহমেদের সঙ্গে কথা বলছেন জাডেজা। হঠাৎ খলিলের জার্সিতে আঁকা চেন্নাইয়ের লোগোয় চুমু খান জাডেজা। তার পর হাত দেন লোগোয়। জাডেজাকে দেখে বোঝা যাচ্ছিল, পুরনো দলকে তিনি কতটা মিস্‌ করছেন।

Advertisement

জাডেজার এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সকলে তাঁর প্রশংসা করেছেন। যে ভাবে পুরনো দলের প্রতি তিনি ভালবাসা ও সম্মান দেখিয়েছেন তা সকলের শেখা উচিত বলে জানিয়েছেন তাঁরা।

চেন্নাইয়ের হয়ে আইপিএলে ২৩৫৪ রান করেছেন জাডেজা। নিয়েছেন ১৫২ উইকেট। ২০২৩ সালের আইপিএলের আগে মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিলে জাডেজাকে অধিনায়কও করেছিল চেন্নাই। কিন্তু দল খারাপ খেলায় মরসুমের মাঝপথে আবার ধোনিকে নেতৃত্ব দেওয়া হয়। পরে ধোনির বদলে রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করা হয়। আর জাডেজাকে দায়িত্ব দেয়নি দল।

রাজস্থানের হয়ে প্রথম ম্যাচে তিন ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জাডেজা। আউট করেছেন সরফরাজ় খান ও শিবম দুবেকে। পুরনো দলের প্রতি ভালবাসা দেখালেও মাঠে নেমে তিনি পেশাদারিত্ব দেখিয়েছেন।

খেলা শেষে জাডেজা জানিয়েছেন, চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামা সহজ ছিল না। তিনি বলেন, “চেন্নাইয়ের হয়ে ১২-১৩ বছর খেলেছি। ফলে তাদের বিরুদ্ধে খেলতে গেলে একটু আবেগপ্রবণ তো হবই। তবে এ বার নতুন চ্যালেঞ্জ। যে দলের হয়ে প্রথম আইপিএল জিতেছিলাম, সেই দলে ফিরেছি। রাজস্থানের গোলাপি রঙের জার্সিতে আমাকে ভালই লাগছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement