IPL 2026

২৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়, পয়েন্ট তালিকায় শীর্ষে, তবু দলের চার জনকে নিয়ে খুশি নন কোহলি

বুধবার লখনউকে হারিয়ে আইপিএলের চতুর্থ ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। মাঝের দিকে পর পর কয়েকটি উইকেট হারিয়ে এক সময় চাপে পড়েছিল বেঙ্গালুরু। সেই বিষয়টি একেবারেই পছন্দ হচ্ছে না বিরাট কোহলির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:০৫
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

বুধবার লখনউকে হারিয়ে আইপিএলের চতুর্থ ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। ১৪৭ রান তাড়া করতে নেমে ২৯ বল বাকি থাকতেই জিতেছে তারা। তবে পর পর কয়েকটি উইকেট হারিয়ে এক সময় চাপে পড়েছিল বেঙ্গালুরু। সেই বিষয়টি একেবারেই পছন্দ হচ্ছে না বিরাট কোহলির। ম্যাচের পর সেই প্রসঙ্গ উল্লেখ করে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি।

Advertisement

রান তাড়া করতে নেমে বৃহস্পতিবার ৪৯ রানে ফিরে যান কোহলি। তার পর আরও দু’টি উইকেট পড়ে বেঙ্গালুরুর। ৬৬/১ থেকে তারা একসময় ১২২/৫ হয়ে যায়। বিপক্ষকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেয়। কোহলির মতে, ভবিষ্যতে এমন হলে মোটেই চলবে না। কারও নাম না করলেও বোঝাই যাচ্ছে কোহলির ইঙ্গিত চার ব্যাটার ফিল সল্ট (৭), দেবদত্ত পড়িক্কল (১০), রজত পাটীদার (২৭) এবং জীতেশ শর্মার (২৩) দিকে।

ম্যাচের পর বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিয়োয় তিনি বলেছেন, “ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং ব্যাটিং বিভাগের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, আমার মতে দু’-তিনটে উইকেট হারিয়েই রানটা তুলে ফেলা উচিত ছিল। ব্যাটিংয়ে ধস দেখতে কখনওই পছন্দ করি না। তবে যা-ই হোক, সকলে ভাল খেলেছো।”

Advertisement

কোহলি আলাদা করে প্রশংসা করেছেন রোমারিয়ো শেফার্ডের, যিনি শেষ দিকে নেমে আট বলে অপরাজিত ১৪ রানের ইনিংস খেলে যান। কথা বলেছেন ক্রুণাল পাণ্ড্যকে নিয়েও। কোহলির কথায়, “শেফার্ড ব্যাট করার সুযোগ পেয়ে ম্যাচটা শেষ করে এসেছে দেখে ভাল লাগছে। কেপি (ক্রুণাল) একমাত্র ব্যাটার যে এখনও ব্যাট করার সুযোগ সে ভাবে পায়নি। বাকিরা সকলেই মোটামুটি ব্যাট করার সুযোগ পেয়েছে। আশা করি পরের বার উচ্ছ্বাস করতে পারবে। প্রত্যেকে পেশাদারের মতো খেলছে। এ ভাবেই এগিয়ে যাব আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement