IPL 2026

টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার

টানা দু’বার আইপিএল জিতেছেন রজত পাটীদার। তিনি তৃতীয় অধিনায়ক যিনি এই নজির গড়েছেন। এ বার নতুন লক্ষ্য জানিয়ে দিলেন পাটীদার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৪:৩২
Share:

আইপিএল জিতে ট্রফিতে চুমু রজত পাটীদারের। ছবি: পিটিআই।

মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মাকে ছুঁয়ে ফেলেছেন রজত পাটীদার। টানা দু’বার আইপিএল জিতেছেন তিনি। পাটীদার তৃতীয় অধিনায়ক, যিনি এই নজির গড়েছেন। এ বার নতুন লক্ষ্য জানিয়ে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক।

Advertisement

চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক বৈঠকে পাটীদার জানান, রবিবার ট্রফি জেতায় আনন্দ তাঁর খানিকটা বেশি। তিনি বলেন, “খুব ভাল লাগছে। আজ আমার জন্মদিন। এর থেকে ভাল উপহার হতে পারত না। তাই একটু বেশিই আনন্দ হচ্ছে।”

তবে উল্লাসে গা ভাসাতে নারাজ পাটীদার। এখন থেকেই পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন তিনি। বেঙ্গালুরুর অধিনায়ক বলেন, “আমি বর্তমানে বাঁচতে ভালবাসি। একটা দিন আনন্দ করব। তার পর আবার খেলায় ফিরব। এ বার সামনের লক্ষ্য। টানা তিন বার চ্যাম্পিয়ন হতে চাই।” পাটীদারের কথা থেকে স্পষ্ট, এ বার ধোনি, রোহিতকে ছাপিয়ে যেতে চান তিনি।

Advertisement

এই জয়কে দলগত জয় হিসাবেই দেখছেন পাটীদার। ব্যক্তিগত কৃতিত্বের কথা মাথায় রাখছেন না তিনি। পাটীদার বলেন, “পর পর দু’বার আইপিএল জেতা মুখের কথা নয়। ব্যক্তিগত কোনও পারফরম্যান্স মাথায় রাখতে চাই না। একটা দল হিসাবে আমরা জিতেছি। ট্রফি জেতাটাই আসল। অন্য কিছু মাথায় রাখছি না। অধিনায়ক ও ব্যাটার হিসাবে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষা মাথায় রেখে এগোতে চাই।”

দলের সাজঘরের পরিবেশের কথা তুলে ধরেছেন পাটীদার। তবে তুলনায় যেতে চান না তিনি। অধিনায়ক বলেন, “সাজঘরের পরিবেশ অবশ্যই বদলেছে। কিন্তু আমি কোনও তুলনায় যেতে চাই না। কারণ, ২০২১ সাল থেকে আমি এই দলে আছি। কিন্তু দলের মানসিকতা বদলেছে। সকলে সকলের জন্য খেলে। সকলে মিলে একসঙ্গে খেলে। তাই এই সাফল্য পেয়েছি।”

সাফল্যের কৃতিত্ব ক্রিকেটারদের পাশাপাশি প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও সাপোর্ট স্টাফদেরও দিয়েছেন পাটীদার। তাঁর কথায়, “কোচ ও কোচিং স্টাফদেরও সমান কৃতিত্ব প্রাপ্য। প্রত্যেক ক্রিকেটারকে তাঁরা সমান গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকের সঙ্গে সমান সময় কাটিয়েছেন। আলাদা করে নাম দেখেননি। এটাই বাকিদের সঙ্গে আমাদের তফাত। এই দলে সকলেই সমান।” এই সংস্কৃতি ধরে রেখেই পরের বছর আবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামতে চান পাটীদার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement