দলকে চ্যাম্পিয়ন করার পর বিরাট কোহলি। ছবি: পিটিআই।
পর পর দু’বার সেরার শিরোপা তাঁর মাথায়। পর পর দু’বার চ্যাম্পিয়ন তিনি। দ্বিতীয় বার তাঁর ব্যাটেই চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলকে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন করে বিশেষ বার্তা দিলেন কোহলি।
সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন কোহলি। সেখানে তিনি লিখেছেন, “গত বছর নিজেদের একটাই প্রশ্ন করেছিলাম, আমরা কি পর পর দু’বার জিততে পারব? তার জবাব আজ দিয়েছি। জিতেছি। পর পর দু’বার।”
এর আগে আইপিএলে পর পর দু’বার ট্রফি জয়ের নজির ছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের দখলে। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই এবং ২০১৯ ও ২০২০ সালে মুম্বই এই কীর্তি করেছিল। ২০২৫ ও ২০২৬ সালে সেই ক্লাবে নাম লেখালেন কোহলিরা।
ফাইনালে ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করেছেন কোহলি। তার পরেই তিনি জানিয়েছেন, অনেক দিনের স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে কোহলি বলেন, “সত্যি বলতে, স্বপ্ন দেখছি মনে হচ্ছে। অনেক বার এই মুহূর্তটার কল্পনা করেছি যে, আমরা ট্রফি জিতেছি এবং জয়ের শট আমার ব্যাট থেকে এসেছে। আসলে যে দল রয়েছে তাতে যে কোনও সময়েই আত্মবিশ্বাসী থাকা যায়। ক্রিকেট এখন এমনই হয়ে গিয়েছে যে, তরুণ ক্রিকেটারেরা প্রতি মুহূর্তে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। প্রতি মুহূর্তে আরও ভাল খেলার অনুপ্রেরণা জোগাচ্ছে।”
তার আগে সম্প্রচারকারী চ্যানেলে কোহলি বলেন, “আমি ছেলেদের বলেছিলাম, গত বারের মতো চাপ এ বার নেই। আমরা জানতাম এই দল কী করতে পারে। আমরা লিগে শীর্ষে শেষ করেছিলাম। কী ভাবে খেলেছি সেটা সকলেই দেখেছে। আমরা একটাই কথা নিজেদের মধ্যে বলেছিলাম, যদি নিজেদের মতোই ক্রিকেট খেলতে পারি এবং পরিকল্পনা কাজে লাগাতে পারি তা হলে কেউ আমাদের হারাতে পারবে না। এই কারণেই গ্রুপ পর্বে আমরা এত ভাল খেলেছি। তা ছাড়া এই দলের দক্ষতা, মানসিকতা এবং চারিত্রিক দৃঢ়তা আজ সকলেই দেখতে পেয়েছে।”
এই দলকে নিয়ে কখনও কি সন্দেহ তৈরি হয়েছিল। সঞ্চালক অ্যারন ফিঞ্চের প্রশ্নের উত্তরে কোহলি বলেন, “সত্যি বলতে বিরতির পর আমরা দুটো ম্যাচে ধাক্কা খেয়েছিলাম। একটা ম্যাচ হেরেছিলাম। আর একটায় মুম্বইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে জিতেছিলাম। সেই সপ্তাহটা কঠিন গিয়েছিল আমাদের। কারণ আমরা লিগের শীর্ষে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে জেতার পরেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম। তার পর কেকেআরকে সহজে হারাই। শেষ পর্যন্ত লিগেও সকলের আগে শেষ করেছি।”
দলের প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে খুশি। বিশেষ করে গোটা মরসুমে যে ভাবে সকলে দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন, সেটাই খুশি করেছে কোহলিকে। বলেছেন, “অসাধারণ খেলেছে গোটা দল। এত বছর অপেক্ষা করেছি। কিন্তু এই দলটা একত্র হওয়ার পর এখন মাঠে নামলে এটা মনে হয় না যে, আমাকেই জেতাতে হবে। আমি জানি যে, পিছনে এবং পাশে বাকিরা রয়েছে যারা দলকে জেতাতে পারে। এতগুলো ক্রিকেটার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছে। হেজ়লউড, ভুবনেশ্বর, ডাফির মতো বিশ্বসেরা বোলার দলে রয়েছে। ক্রুণালের উপর বরাবর ভরসা করা যায়। এ বার রাসিখ দার অসাধারণ খেলেছে। ব্যাটারেরাও নিজেদের মতো অবদান রেখেছে। ভারসাম্য থাকা এই দলটার অংশ হতে পেরে খুব খুশি। এখন আমরা অলরাউন্ড দল। তাই জন্যই মাঠে নামলে আলাদা আত্মবিশ্বাস থাকে।”