আইপিএলের প্রথম ম্যাচেই রেকর্ড বিরাট কোহলিদের। ছবি: বিসিসিআই।
নজির গড়ে আইপিএল শুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫.৪ ওভারে ৪ উইকেটে ২০৩ রান তুলে জয় পেয়েছে গত বারের চ্যাম্পিয়নেরা। এই জয়ের সুবাদেই রেকর্ড গড়েছেন বিরাট কোহলিরা।
আইপিএলের ইতিহাসে ২০০ বা তার বেশি রান দ্রুততম এবং সফল ভাবে তাড়া করে নজির গড়েছে বেঙ্গালুরু। তারা ভেঙে দিয়েছে রাজস্থান রয়্যালসের রেকর্ড। গত মরসুমে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৫.৫ ওভারে ২১০ রান তুলে জিতেছিল রাজস্থান। শনিবার কোহলিরা ১ বল কম খেলে লক্ষ্যে পৌঁছে গিয়েছেন। রাজস্থানের আগে এই রেকর্ড ছিল বেঙ্গালুরুর দখলে। ২০২৪ মরসুমে গুজরাতের বিরুদ্ধে ১৬ ওভারে ২০০-র বেশি রান তাড়া করে জয় পেয়েছিল বেঙ্গালুরু। অর্থাৎ এক বছরের মধ্যেই আইপিএলের এই রেকর্ড নিজেদের দখলে আনলেন কোহলিরা।
শনিবারের ম্যাচে বেঙ্গালুরুর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কোহলি। আইপিএলের প্রথম ম্যাচেই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করেছেন তিনি। ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ৫টি ছয়। দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে ৪৫ বলে ১০১ রানের জুটিও তৈরি করেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে পাড়িক্কল করেন ২৬ বলে ৬১। অধিনায়ক রজত পাটীদার করেন ১২ বলে ৩১। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ করে ৯ উইকেটে ২০১। আবার ব্যর্থ অভিষেক শর্মা (৭)। ৩৮ বলে ৮০ রান করেন অধিনায়ক ঈশান কিশন। ৮টি চার এবং ৫টি ছয় মারেন তিনি। এ ছাড়া ভাল ব্যাট করেন অঙ্কিত শর্মা। তিনি ১৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ৩টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে।