IPL 2026

রোহিত কি এ বারও ইমপ্যাক্ট প্লেয়ার? আইপিএল শুরুর ১১ দিন আগে শর্মাকে নিয়ে পরিকল্পনা জানালেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ জয়বর্ধনে

ওজন কমিয়ে এখন অনেক বেশি ফিট রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে রানও পেয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে চেনা মেজাজে দেখা যাচ্ছে। বড় বড় শট মারছেন রোহিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২৩:০২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

গত আইপিএলে রোহিত শর্মাকে অধিকাংশ ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রাক্তন অধিনায়ককে দিয়ে শুধু ব্যাটিং করানো হয়েছিল। আইপিএল শুরুর ১১ দিন আগে রোহিতকে নিয়ে এ বারের পরিকল্পনার কথা জানিয়েছেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে।

Advertisement

ওজন কমিয়ে এখন অনেক বেশি ফিট রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে রানও পেয়েছেন। তা-ও কি এ বার পুরো সময় মাঠে রাখা হবে না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে? এই প্রশ্নের উত্তরে জয়বর্ধনে বলেছেন, ‘‘গত বছর রোহিতের কিছু ছোট চোট ছিল। তাই ওর উপর বেশি চাপ দিতে চাইনি আমরা। ওকে অধিকাংশ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলাম। রোহিত মাঠে থাকুক বা না থাকুক, দলে ওর প্রভাব প্রচুর। এ বার আমরা ওকে যতটা সম্ভব বেশি সময় মাঠে রাখার চেষ্টা করব।’’

মুম্বইয়ের অনুশীলনে চেনা মেজাজে দেখা যাচ্ছে রোহিতকে। আত্মবিশ্বাসী দেখাচ্ছে। অনুশীলনে বড় বড় শট মারছেন। তাঁর বেশ কিছু শট ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে গিয়েও পড়েছে। ফিট এবং ফর্মে থাকা রোহিতকে দেখে খুশি জয়বর্ধনেও।

Advertisement

মুম্বই দলে এ বার বেশ কয়েক জন অলরাউন্ডার থাকায় জয়বর্ধনের হাতে বিকল্প বেশি। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করতে চান। তিনি বলেছেন, ‘‘আমরা বোলার বা ইমপ্যাক্ট প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলতে পারি। ম্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। মাঠে কাকে বেশি প্রয়োজন, সেটা বিবেচনা করা দরকার।’’ তিনি আরও বলেছেন, ‘‘এ বার আমাদের দলে বেশ কয়েক জন অলরাউন্ডার রয়েছে। ওরা ব্যাট, বল দুটোই ভাল করে। মাঠে অধিনায়কের হাতে বেশ কিছু বিকল্প থাকবে। আমরা প্রতিপক্ষের শক্তি বিচার করে প্রথম একাদশ নির্বাচন করব। ম্যাচের পরিস্থিতি বিচার করে ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন করতে হবে। আমাদের দলে দু’জন অলরাউন্ডার নয়। একজন রোহিত। আর দ্বিতীয় জন সূর্যকুমার যাদব। দু’জনেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেব।’’

এ বারের আইপিএলে মুম্বইয়ের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ২৯ মার্চ ঘরের মাঠে খেলবে হার্দিক পাণ্ড্যের দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement