রিয়ান পরাগের ধূমপানের সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।
মঙ্গলবার আইপিএলে পঞ্জাবকে হারিয়েছে রাজস্থান। সেই ম্যাচেই নিয়ম ভেঙে বিতর্কে জড়িয়েছেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। তাঁকে সাজঘরে বসে ধূমপান করতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন পরাগ।
রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে ঘটনাটি ঘটেছে। সেই সময়ে ক্যামেরা তাক করা হয়েছিল রাজস্থানের সাজঘরের দিকে। হাতে একটি যন্ত্র নিয়ে মুখের সামনে ধরেন রিয়ান। সেই সময়েই তাঁর সামনে এসে পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি সরে গেলে দেখা যায়, পরাগের মুখ থেকে ধোঁয়া বার হচ্ছে। মনে করা হচ্ছে, ই-সিগারেট জাতীয় কিছু সেবন করেছেন তিনি। প্রসঙ্গত, ই-সিগারেট ভারতে নিষিদ্ধ। কেউ সেবন করলে তিনি জেলেও যেতে পারেন।
শুধু তাই নয়, সাজঘর-সহ স্টেডিয়ামের আশেপাশের এলাকায় ধূমপান পুরোপুরি নিষিদ্ধ। কিছু নির্দিষ্ট এলাকায় গিয়ে ধূমপান করা যায়। এক সূত্র বলেছেন, “ই-সিগারেট ভারতে নিষিদ্ধ হওয়ার নেপথ্যে কারণও রয়েছে। শরীরের ভেতরে কী কী উপাদান যাচ্ছে তা কেউ জানে না। খেলোয়াড়দের সুরক্ষার জন্য একেবারেই এই সিগারেট সেবন করা উচিত নয়। মনে হয় না এ ধরনের ঘটনাকে বোর্ড খুব হালকা ভাবে নেবে।”
বোর্ড বা রাজস্থানের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন পরাগ।