বৈভবের (ডান দিকে) সঙ্গে যশস্বীর জুটির মুহূর্ত। ছবি: পিটিআই।
তথ্য বলছে, তাঁর বয়স মাত্র ২৪। কিন্তু যার সঙ্গে তিনি ব্যাট করতে নামেন সে সবে ১৫ পূরণ করেছে। সেই বৈভব সূর্যবংশীর সঙ্গে ব্যাট করতে নেমে কি নিজেকে ‘বুড়ো’ মনে হচ্ছে যশস্বী জয়সওয়ালের। রাজস্থানের জয়ের পর সেই প্রশ্নের উত্তর দিয়েছে বৈভব।
ম্যাচের পর সঞ্চালক প্রশ্ন করেন যশস্বীকে, “বৈভবের সিনিয়র ওপেনার হয়ে কেমন লাগছে?” সঙ্গে সঙ্গে যশস্বী হেসে ফেলেন। বলেন, “আমার মনে হয় না খুব বেশি বয়স হয়েছে। আমি এখনও অনেক তরুণ। তবে বৈভবের বয়স অনেক কম। জানি না ওকে নিয়ে কী বলব। অসাধারণ ব্যাট করছে। ওর সঙ্গে ব্যাট করতে খুবই ভাল লাগে। খুব ভাল খেলছে। উল্টো দিক থেকে ওর ব্যাটিং দেখতে খুব ভাল লাগে। বিশেষ করে যে সব শট খেলে।”
পঞ্জাবের বিরুদ্ধে ৩.১ ওভারে ৫১ রান তুলে দিয়েছিল রাজস্থান। সেই সম্পর্কে যশস্বী বলেছেন, “আমরা জানতাম এই মাঠে প্রচুর রান ওঠে। তাই শুরু থেকেই চালিয়ে খেলার ইচ্ছা ছিল। আমি ভেবে রেখেছিলাম, বল আমার এলাকায় থাকলে মারবই। তা ছাড়া ২০০-র উপর রান তাড়া করতে গেলে শুরুটা ভাল করতেই হবে।”
গত কয়েকটি ম্যাচে অনেক খোলা মনে ব্যাট করতে দেখা যাচ্ছে যশস্বীকে। শট খেলতে কোনও দ্বিধাবোধ করছেন না। যশস্বী বলেছেন, “ক্রিজ়ে নেমে সময়টা কতটা উপভোগ করছি তার উপর অনেক কিছু নির্ভর করে। এই ম্যাচটা আলাদা করে দেখিনি। চেষ্টা করতে হবে বাকি মরসুমে একই মানসিকতা বজায় রেখে এ ভাবেই রান করতে। সাজঘরেও এই বার্তা ছড়িয়ে দিতে পেরেছি আমরা।”