T20 World Cup 2026

বিশ্বকাপজয়ী অভিষেককে তাড়াতাড়ি বিয়ে করে নিতে বললেন সঞ্জু, সতীর্থেরা ‘হিংসে’ করেন শর্মাকে, জানালেন ভারতের ওপেনার

জুটি বেঁধে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন তাঁরা। সেই অভিষেক শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন সঞ্জু স্যামসন। পাশাপাশি এটাও জানালেন, সতীর্থেরা ‘হিংসা’ করেন অভিষেককে। পঞ্জাবি ক্রিকেটারকে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২১:৪৮
Share:

বিশ্বকাপের সঙ্গে অভিষেক। ছবি: সমাজমাধ্যম।

জুটি বেঁধে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন তাঁরা। ফাইনালে দু’জনের ইনিংস পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে। সেই অভিষেক শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন সঞ্জু স্যামসন। পাশাপাশি এটাও জানালেন, সতীর্থেরা ‘হিংসা’ করেন অভিষেককে। তাই পঞ্জাবি ক্রিকেটারকে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement

শনিবার ‘ইন্ডিয়া টুডে কনক্লেভে’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন অভিষেক এবং সঞ্জু। দু’জনেই বিভিন্ন মজার মজার কথা বলে আসর মাতিয়ে দেন। সেখানেই সঞ্জু জানান, অভিষেকের জনপ্রিয়তা ইদানীং এতটাই তুঙ্গে উঠেছে যে, সতীর্থেরা ‘হিংসা’ করতে শুরু করেছেন। সঞ্জুর কথায়, “অভিষেকের জন্য মাঠে এত চিৎকার হয় যে বাকি কয়েক জন ক্রিকেটার প্রায়ই ঈর্ষা করত। যেখানে যাচ্ছি সেখানেই অভিষেক, অভিষেক বলে চিৎকার। ভাবতাম লোকে কি আমাদের দেখতে পাচ্ছে না? ও এখন এই দলের তারকা। তাড়াতাড়ি বিয়ে করে নাও ভাই।”

সঞ্জুর কথা শুনে হাসতে থাকেন অভিষেক। সতীর্থ ওপেনারের প্রশংসা এখানেই থামাননি সঞ্জু। অভিষেকের বর্ণনা করতে গিয়ে তাঁর মুখে শোনা গিয়েছে শুভমন গিলের কথা। সঞ্জু বলেছেন, “আমাদের জুটিটা আগুন এবং বরফের নয়। আগুন এবং আগুনের। কখনও ও আগুন, কখনও আমি। এ ভাবেই আমাদের জুটি এগিয়ে যাচ্ছে।” উল্লেখ্য, কয়েক মাসে আগে যখন অভিষেকের সঙ্গে টি-টোয়েন্টিতে ওপেন করেছিলেন শুভমন, তখন তিনিও ঠিক একই কথা বলেছিলেন। তা আবার শোনা গিয়েছে সঞ্জুর মুখে। সঞ্জু বলেছেন, “২০২৪ থেকে এই কাজ করে আসছি আমরা। ক্রিজ়ে কেরল-পঞ্জাবের একটা আলাদা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে।”

Advertisement

কেমন সেই বন্ধুত্ব? সঞ্জুর ব্যাখ্যা, “সব কিছুই খুব স্বাভাবিক লাগে। তাই আমরাও জটিল করতে যাই না। ও আমাকে জিজ্ঞাসা করে, ‘বল ব্যাটে কেমন আসছে’? আমি বলি, ঠিকঠাক আছে। তখনই ও ছয় মেরে দেবে। বিষয়টা এতটাই সহজ ওর কাছে। অভিষেক খুব সাহসী। আমি ওর মানসিকতা খুব পছন্দ করি।”

বিশ্বকাপের শুরুতে বার বার ব্যর্থ হয়েছিলেন অভিষেক। সেই সময় তাঁর বাবা রাজকুমার শর্মা পুজো-পাঠের উপরেই ভরসা রেখেছিলেন। অভিষেকের কথায়, “এখন জিজ্ঞাসা করলে বাবা নিশ্চয়ই বলবেন চিন্তা করেনি। কিন্তু আমি ওঁকে দেখে স্পষ্ট বুঝতে পারি কতটা চিন্তা করছিলেন। পুজো-পাঠ, সব চেষ্টা করেছেন যা আগে কোনও দিন করেননি।”

ভারতের হয়ে এখনও পর্যন্ত শুধুমাত্র টি-টোয়েন্টিই খেলেছেন অভিষেক। কিন্তু তিনি এক দিন সব ফরম্যাটেই খেলতে চান। অভিষেক বলেছেন, “দেশের হয়ে সব ফরম্যাটে খেলাই আমার লক্ষ্য। তবে বেশি ভাবা ছেড়ে দিয়েছি। কারণ এগুলো আমার হাতে নেই। গত দু’বছরে যুবরাজ সিংহ আমায় যা শিখিয়েছেন সেটাই আমি অনুসরণ করছি। যা হাতে নেই সেটা নিয়ে আর ভাবি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement