এক দিনের বিশ্বকাপ ট্রফি হাতে হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলছে। তার মধ্যেই মঙ্গলবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। ১২ জুন থেকে শুরু প্রতিযোগিতা। ফাইনাল হবে ৫ জুলাই। এ বারের বিশ্বকাপ হবে ইংল্যান্ডের মাটিতে।
এ বারের বিশ্বকাপে রয়েছে মোট ১২ দল। তাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যাশা মতো ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই দুই দল ছাড়া সেই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। অর্থাৎ, কঠিন গ্রুপে হরমনপ্রীত কৌরেরা। অপর গ্রুপের ছ’টি দল হল ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ়, নিউ জ়িল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।
১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এজবাস্টনে হবে সেই খেলা। প্রতি দিন ম্যাচের সংখ্যা সমান নয়। কোনও দিন একটি, কোনও দিন দু’টি, আবার কোনও দিন তিনটি ম্যাচও রয়েছে।
ভারত প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন। প্রথম ম্যাচেই সামনে পাকিস্তান। এজবাস্টনে সেই খেলা। অর্থাৎ, বিশ্বকাপ শুরুর তিন দিনের মাথাতেই ভারত-পাকিস্তান লড়াই। পাকিস্তান ম্যাচের পর ১৭ জুন হেডিংলেতে নেদারল্যান্ডস, ২১ জুন ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকা, ২৫ জুন ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ ও ২৮ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচই গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
দু’টি গ্রুপ থেকে দু’টি করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল। দু’টি ম্যাচই হবে ওভালে। ৫ জুলাই লর্ডসের মাটিতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
গত বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম বার আইসিসি ট্রফির স্বাদ পেয়েছে তারা। এ বার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন দেখার, জুন মাসে ইংল্যান্ডের মাটিতে ছোট ফরম্যাটেও হরমনপ্রীতেরা বাজিমাত করতে পারেন কি না।