IPL 2026

১৫ হাজার কোটিতে রাজস্থান বিক্রি হতেই ওয়ার্নের পরিবার পেল ৪৫০ কোটি! নেপথ্যে প্রয়াত ক্রিকেটারের এক সিদ্ধান্ত

২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শেন ওয়ার্ন। মোট চার বছর অধিনায়ক ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৬:৫১
Share:

শেন ওয়ার্ন। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালস বিক্রি হতেই টাকা পেল অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের পরিবার। ১৫,২৮৫ কোটি টাকায় বিক্রি হয়েছে রাজস্থান। তার পরেই জানা গিয়েছে, ৪৫০ কোটি টাকা পাবে ওয়ার্নের পরিবার। নেপথ্যে ওয়ার্নের এক সিদ্ধান্ত।

Advertisement

২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক ওয়ার্ন। মোট চার বছর অধিনায়ক ছিলেন তিনি। তবে শুধু অধিনায়ক নন, দলের কোচও ছিলেন তিনি। রাজস্থানের দলের ক্রিকেট সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল ওয়ার্নকে।

এত দায়িত্ব দেওয়ায় ওয়ার্ন তাঁর চুক্তিতে একটি শর্ত জুড়েছিলেন। সেই শর্ত ছিল, দলের ০.৭৫ শতাংশ মালিকানা তাঁর কাছে থাকবে। তিনি যত বছর দলের অধিনায়ক থাকবেন, প্রতি বছর ০.৭৫ শতাংশ করে মালিকানা তাঁর বাড়বে। এই শর্ত মেনে নিয়েছিল রাজস্থান।

Advertisement

পরে ‘দ্য হেরাল্ড সান’-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, “আমার চুক্তির এটাই শর্ত ছিল। ওরা চেয়েছিল, আমি কোচ ও অধিনায়ক দুই দায়িত্ব সামলাই। পাশাপাশি দলের ক্রিকেট চালানোর দায়িত্বও আমাকে দেওয়া হয়েছিল। তাই আমি এই শর্ত চাপিয়েছিলাম। ওরা মেনে নিয়েছিল।”

চার বছর রাজস্থানে থাকায় ওয়ার্নের কাছে দলের ৩ শতাংশ মালিকানা ছিল। সেই কারণে ১৫,২৮৫ কোটি টাকায় রাজস্থান বিক্রি হওয়ায় তার ৩ শতাংশ বা ৪৫০ কোটি টাকা পাবে ওয়ার্নের পরিবার। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের দূরদর্শিতার সুফল পাচ্ছে তাঁর পরিবার।

তবে এখনই সেই টাকা পাবে না ওয়ার্নের পরিবার। ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর তারা চাইলে টাকা নিতে পারে, বা নিজেদের অংশ বিক্রিও করতে পারে। তবে তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিতে হবে। তবে নিজের দূরদর্শিতা দেখে যেতে পারলেন না ওয়ার্ন। ২০২২ সালে মৃত্যু হয়েছে তাঁর।

২০০৮ সালে রাজস্থান কিনেছিল ইমার্জিং মিডিয়া গ্রুপ। কর্ণধার মনোজ বাদালে। প্রথম বারই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তার পর থেকে রাজস্থান আর চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের বাজারদর কমেনি। উল্টে ক্রমশ তা বেড়েছে। এসেছে নতুন অংশীদার। পরে মনোজের দলের ১৫ শতাংশ মালিকানা কেনে রেডবার্ড ক্যাপিটাল। ১৩ শতাংশ মালিকানা কেনে ল্যাচলান মার্ডক।

পরে আরও কয়েকটি সংস্থা বিনিয়োগে আগ্রহ দেখায়। কাল সোমানি, ইয়ান ম্যাককিনন, ফিল জানসেন, রন কালিফা, এড রে, সিমার মায়ো, মিহির পটেলের মতো ব্যবসায়ীরা বিনিয়োগ করেন। সেই সময় সোমানি বলেছিলেন, “এই বিনিয়োগের ভবিষ্যৎ খুব ভাল। আমরা জানি, ভবিষ্যতে আইপিএল থেকে রোজগার আরও বাড়বে।”

২০২৫ সালের শেষ দিকে দল বিক্রির কথা ভাবেন মনোজ। দল বিক্রির প্রক্রিয়াও শুরু হয়ে যায়। বেশ কয়েকটি গোষ্ঠী রাজস্থান কিনতে আগ্রহী ছিল। একাধিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন রাজস্থানের বর্তমান মালিকেরা। ভারতীয় মূল্যে প্রায় ১৫,২৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও দুই ব্যবসায়ী। ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার। তারা রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement