IPL 2026

আইপিএলে নজিরের সামনে শ্রেয়স, দিল্লি ম্যাচে একসঙ্গে যুবরাজ, গিলক্রিস্টকে ছুঁয়ে ফেলতে পারেন পঞ্জাব কিংস অধিনায়ক

শেষ তিনটি ম্যাচে সুযোগ ছিল। কাজে লাগাতে পারেননি। দিল্লি ক্যাপিটালস ম্যাচে যুবরাজ সিংহ এবং অ্যাডাম গিলক্রিস্টের একটি নজির স্পর্শ করতে পারেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৬:৩৪
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

আইপিএলে একটি নজিরের সামনে শ্রেয়স আয়ার। একসঙ্গে স্পর্শ করতে পারেন যুবরাজ সিংহ এবং অ্যাডাম গিলক্রিস্টের নজির। শেষ তিন ম্যাচেও সুযোগ ছিল তাঁর সামনে। তবে পারেননি। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আবার সুযোগ পাবেন পঞ্জাব কিংস অধিনায়ক।

Advertisement

গত মরসুম থেকে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স। গত বার দলকে ফাইনালে তুলেছিলেন। এ বারও তাঁর নেতৃত্বে প্রথম সাতটি ম্যাচ অপরাজিত ছিল পঞ্জাব। তার পর টানা তিনটি ম্যাচ হেরেছেন শ্রেয়সেরা। পয়েন্ট তালিকায় এক নম্বর থেকে চারে নেমে গিয়েছে পঞ্জাব। দল হারতে শুরু করায় নজির স্পর্শ করা হয়নি শ্রেয়সের। সোমবার অক্ষর পটেলের দলকে হারাতে পারলেই যুবরাজ এবং গিলক্রিস্টের নজির স্পর্শ করবেন তিনি।

আইপিএলের প্রথম দু’বছর ২০০৮ এবং ২০০৯ সালে পঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন যুবরাজ। ওই দু’বছরে অধিনায়ক হিসাবে ২৯টি ম্যাচ খেলে ১৭টি জিতেছিলেন। পঞ্জাবের অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটারও জিতেছেন ১৭টি ম্যাচ। গিলক্রিস্ট নেতৃত্ব দিয়েছেন ৩৪টি ম্যাচে। আর একটি ম্যাচ জিতলে শ্রেয়সও পঞ্জাবের অধিনায়ক হিসাবে ১৭টি ম্যাচ জিতবেন। এখনও পর্যন্ত শ্রেয়সের নেতৃত্বে ২৭টি ম্যাচ খেলে ১৬টি জয় পেয়েছে পঞ্জাব। শুধু তাই নয়, সবচেয়ে কম ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৭তম জয় পাওয়ার সুযোগও রয়েছে তাঁর সামনে।

Advertisement

পঞ্জাবের অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি জয়ের নজির রয়েছে যুবরাজ এবং গিলক্রিস্টের। সোমবার দিল্লির বিরুদ্ধে জয় পেলে শ্রেয়সও পঞ্জাব অধিনায়ক হিসাবে ১৭তম ম্যাচ জিতবেন। যুবরাজ এবং গিলক্রিস্টের নজির ছুঁয়ে ফেলবেন। আর একটি ম্যাচ জিতলে শ্রেয়স একক ভাবে শীর্ষে চলে আসবে। আইপিএলের লিগ পর্বে পঞ্জাবের এখনও চারটি ম্যাচ বাকি। স্বাভাবিক ভাবেই শ্রেয়সের সামনে পঞ্জাবের সফলতম অধিনায়ক হওয়ার সুযোগ রয়েছে।

চলতি আইপিএলে পঞ্জাব ১০টি ম্যাচ খেলে জয় পয়েছে ছ’টি ম্যাচে। হেরেছে তিনটি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ইডেন গার্ডেন্সের ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির জন্য। ব্যাটার শ্রেয়সও ভাল ফর্মে রয়েছেন। ১০টি ম্যাচে করেছেন ৩৩৩ রান। গড় ৪৭.৫৭। স্ট্রাইক রেট ১৬৪.০৩। চারটি অর্ধশতরান করেছেন পঞ্জাব অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement