IPL 2026

আবার ব্যর্থ সঞ্জু, জলে গেল আয়ুষের লড়াই, শ্রেয়সের ব্যাটে জিতল পঞ্জাব, টানা দ্বিতীয় হার রুতুরাজের চেন্নাইয়ের

চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেও খারাপ সময় কাটল না সঞ্জু স্যামসনের। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন। চেন্নাই ২০০-র উপর রান তুললেও হার বাঁচাতে পারল না। চিদম্বরম স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে হারল ৫ উইকেটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২৩:২৫
Share:

শ্রেয়সের ব্যাটে জিতল পঞ্জাব। ছবি: পিটিআই।

চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেও খারাপ সময় কাটল না সঞ্জু স্যামসনের। ১৮ কোটির ক্রিকেটার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন। আয়ুষ মাত্রে এবং শিবম দুবের সৌজন্যে প্রথমে ব্যাট করে চেন্নাই ২০০-র উপর রান তুলেও হার বাঁচাতে পারল না। চিদম্বরম স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে হারল ৫ উইকেটে। নজর কাড়লেন শ্রেয়স আয়ার। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ২০৯/৫। জবাবে আট বল বাকি থাকতে জিতেছে পঞ্জাব।

Advertisement

আইপিএলে কলকাতা দু’টি ম্যাচেই ভুগেছে বোলিংয়ের জন্য। চেন্নাইয়েরও একই অবস্থা দেখা গেল শুক্রবার। প্রথম ম্যাচে ব্যাটারদের দোষে হারলে, দ্বিতীয় ম্যাচে দায়ী বোলারেরা। খলিল আহমেদ, অংশুল কম্বোজ, নূর আহমেদরা ছাপই ফেলতে পারলেন না। ম্যাট হেনরি দু’টি উইকেট নিলেও প্রচুর রান খরচ করলেন। ব্যাটিংয়েও শুরুটা যে ভাবে হয়েছিল তাতে আরও একটু বেশি রান তোলা উচিত ছিল চেন্নাইয়ের। পঞ্জাব আগের ম্যাচে হারতে হারতে জিতেছিল কুপার কনোলির সৌজন্যে। এ দিন দলের জয়ে অবদান রাখলেন সকলেই।

পঞ্জাবের সামনে লক্ষ্য ছিল ২১০ রানের। দুই ওপেনার আগ্রাসী শুরু করেন। খলিলের প্রথম বলে চার এবং দ্বিতীয় বলে ছয় মেরে শুরুটা দুর্দান্ত করেন প্রিয়াংশ আর্য। প্রথম ওভারেই উঠে যায় ১৪ রান। ওখানেই কিছুটা বোঝা গিয়েছিল ম্যাচের ভবিষ্যৎ কী হতে চলেছে। এর পর যত ম্যাচ এগিয়েছে তত দাপট বেড়েছে পঞ্জাবের।

Advertisement

দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির প্রথম তিন বলে দু’টি চার এবং একটি ছয় মারেন আর্য। শেষ পর্যন্ত ৩৯ করে আউট হলেও যা করার দিয়েছিলেন তিনি। ১১ বলের ইনিংসে রয়েছে তিনটি চার এবং চারটি ছয়। যেখান থেকে আর্য শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেন প্রভসিমরন এবং কুপার কনোলি। আগের ম্যাচে কনোলি একার হাতে জিতিয়েছিলেন পঞ্জাবকে। এ দিন তিনি সঙ্গী পান প্রভসিমরনকে। পঞ্জাবের উইকেটকিপার ছ’টি চার এবং একটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৪৩ করেন। কনোলি করেন ২২ বলে ৩৬।

পঞ্জাবকে জেতায় শ্রেয়সের ব্যাটিং। চেন্নাইয়ের মাঠ তাঁর কাছে কতটা চেনা সেটা বুঝিয়ে দিয়েছেন পঞ্জাবের অধিনায়ক। প্রথম ম্যাচে রান পাননি শ্রেয়স। সেই আক্ষেপ পুষিয়ে দিলেন দ্বিতীয় ম্যাচে। চারটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৫০ করে আউট হলেন। তত ক্ষণে ম্যাচের ফলাফল পরিষ্কার হয়ে গিয়েছে।

Advertisement

এ দিকে, শুক্রবার প্রথম চিপকের মাঠে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সঞ্জু। মাত্র ৭ রান করে ফিরতে হয় তাঁকে। বিপদ থেকে চেন্নাইকে উদ্ধার করেন তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে। পরের দিকে চালিয়ে খেলে দলকে টানেন সরফরাজ় খান এবং শিবম।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-কে শুরু থেকেই কাজে লাগাতে চেয়েছিল চেন্নাই। তবে প্রথম ওভারে অর্শদীপ সিংহ মাত্র পাঁচ রান দেন। দ্বিতীয় ওভারের শুরুতেই জেভিয়ার বার্টলেটকে চার মারেন রুতুরাজ। পঞ্চম বলে সঞ্জুও একটি চার মারেন। সেই ওভারের শেষ বলেই আবারও বড় শট খেলতে গিয়ে ফিরে যান সঞ্জু। ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপার প্রভসিমরনের হাতে।

শুরুতেই ধাক্কা খাওয়ার পরেও চেন্নাইয়ের আগ্রাসন কমেনি। আয়ুষ ক্রিজ়ে নামার পর থেকেই চালিয়ে খেলতে থাকেন। রুতুরাজও সঙ্গ দিতে থাকেন তাঁকে। বার্টলেটের দ্বিতীয় ওভারে টানা তিনটি চার মারেন আয়ুষ। পরের ওভারে বিজয়কুমার বিশাখকে ছয় মারেন। তবু ৬ ওভারে ৫৭ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।

সপ্তম ওভারে মার্কো জানসেনকে দু’টি ছয় মারেন আয়ুষ। তার মধ্যে দ্বিতীয় ছয়টি দেখার মতো ছিল। স্লোয়ার বল ছিল। তা সত্ত্বেও সেটি মিড-অনের উপর দিয়ে উড়িয়ে দেন তরুণ ক্রিকেটার। মার্কাস স্টোইনিসকে ছয় মেরে ২৯ বলেই শতরান পূরণ করেন আয়ুষ। যত ক্ষণ ক্রিজ়ে ছিলেন, পঞ্জাবের কোনও বোলারকে দাঁড়াতে দেননি।

কিছুটা ধীরগতিতে খেলে ২২ বলে ২৮ করে ফিরে যান রুতুরাজ। ১২তম ওভারে যুজবেন্দ্র চহলের বলে আয়ুষের সহজ ক্যাচ ফেলেন শশাঙ্ক। তবে নিজের ইনিংস বেশি দূর টানতে পারেননি আয়ুষ। পরের ওভারেই ফিরে যান। বিশাখের বলে আয়ুষের ক্যাচ ধরেন চহল।

চেন্নাই নিলামে কার্তিক শর্মাকে ১৪.২ কোটি টাকায় কিনেছিল। তিনি টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। এ দিন ১ রানে ফিরলেন। তবে ক্রিজ় নেমে তিনটি চার মেরে পঞ্জাবের বোলারদের চাপ বাড়িয়ে দেন সরফরাজ়‌। ১৭তম ওভারে বিশাখকে আবার তিনটি চার মারেন। সেই বিশাখই তুলে নেন সরফরাজ়কে (৩২)। শেষের দিকে শিবম দুবের (অপরাজিত ৪৫) দাপটে ২০০ পেরিয়ে যায় চেন্নাই। দিনের শেষে জয়ের জন্য সেই রানও কম পড়ল চেন্নাইয়ের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement