IPL 2026

১০০ রানে আউট দল, গোটা ব্যাটিং ব্যর্থ, তবু মুম্বইয়ের কাছে হেরে বোলারদের দুষলেন গুজরাতের অধিনায়ক শুভমন!

ঘরের মাঠে মু্ম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে গুজরাত টাইটান্স। ৯৯ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে শুভমন গিলদের। অথচ হারের দায় বোলারদের উপর চাপিয়েছেন গুজরাতের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:৩৮
Share:

মুম্বইয়ের বিরুদ্ধে আউট হয়ে ফিরছেন শুভমন গিল। ছবি: পিটিআই।

এ বারের আইপিএলে ২০০ রান জলভাতে পরিণত হয়েছে। প্রায় প্রতি ম্যাচে ২০০-র বেশি রান হচ্ছে। ২২০-২২৫ রান করেও সন্তুষ্ট থাকতে পারছে না দলগুলি। গুজরাত টাইটান্সের সামনে ২০০ রানের লক্ষ্য দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অহমদাবাদের মাঠে ২০০ রান করা কঠিন নয়। অথচ মাত্র ১০০ রানে আউট হয়ে গিয়েছে গোটা দল। ৯৯ রানে হারতে হয়েছে গুজরাত টাইটান্সকে। ব্যাটিং ব্যর্থতায় হারের পরেও গুজরাতের অধিনায়ক শুভমন গিল দায়ী করেছেন দলের বোলারদের।

Advertisement

খেলা শেষে শুভমন জানিয়েছেন, তাঁর মনে হয়েছে, এই পিচে অনেক বেশি রান দিয়েছেন বোলারেরা। তিনি বলেন, “সত্যি বলতে, আমরা মাঝের ওভারে অনেক বেশি রান দিয়েছি। এই উইকেটে ১৬০-১৭০ রান তাড়া করা সম্ভব। কিন্তু অনেক বেশি রান দিয়েছি। তাই চাপ পড়ে গিয়েছে ব্যাটারদের উপর।”

ঘরের মাঠের পিচ নিয়েও অসন্তুষ্ট দেখিয়েছে শুভমনকে। পিচ একটু মন্থর ছিল বলে জানিয়েছেন তিনি। গুজরাতের অধিনায়ক বলেন, “পিচ একটু মন্থর ছিল। আমার মনে হয়, আমরা ঠিক জায়গায় বল ফেলতে পারিনি। ঠিক জায়গায় বল ফেললে একটু থমকে ব্যাটে আসছিল। আবার কিছু বল নিচুও হচ্ছিল। তাতে শট খেলতে সমস্যা হচ্ছিল। ওদের বোলারেরা সেটাই করে দেখিয়েছে। আমরা পারিনি।”

Advertisement

অথচ দ্বিতীয় ইনিংসে যে ব্যাট করা সহজ ছিল তা-ও স্বীকার করেছেন শুভমন। তিনি বলেন, “দুই ইনিংসেই পিচ সমান ছিল। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ছিল। ফলে ব্যাট করা কিছুটা সহজ হয়ে গিয়েছিল।” তার পরেও গুজরাতের কোনও ব্যাটার রান পাননি। পর পর উইকেট হারিয়েছে দল। তা হলে তো হারের দায় ব্যাটারদের বেশি। কিন্তু তাদের নামই করেননি শুভমন। তিনি নিজে ব্যাটার বলেই কি বোলারদের ঘাড়ে হারের দায় দিয়েছেন? উঠছে প্রশ্ন।

আইপিএলে এটি গুজরাতের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে গত বছর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮৩ রানে হেরেছিল তারা। সেটাই ছিল তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। শুভমন জানিয়েছেন, এই হারের ধাক্কা সামলে ফিরবেন তাঁরা। তিনি বলেন, “একটু ধাক্কা খেলাম। তাতে পিছিয়ে পড়লে হবে না। আশা করছি, আবার জয়ে ফিরব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement