দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। —ফাইল চিত্র।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সুপার এইটের ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ‘কাপকেক বিজ্ঞাপন’ দারুণ জনপ্রিয় হয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে ভারতকে হারানোর পরেই ‘কাপকেক’ বিজ্ঞাপন তুলে নেয় স্টার স্পোর্টস। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড সেই বিজ্ঞাপনের প্রসঙ্গ তুলে সূর্যকুমার যাদবদের খোঁচা দিয়ে জানিয়েছেন, তাঁরা সেই বিজ্ঞাপন দারুণ উপভোগ করেছেন।
বিজ্ঞাপনে দেখা গিয়েছিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকার এক সমর্থক একটি কাপকেক খাওয়ার জন্য ছুটছেন। শেষমেশ দক্ষিণ আফ্রিকার সমর্থক হারিয়ে দেন ভারতীয় সমর্থককে। তার পরেই ভারতীয় সমর্থক জানান, সেই ব্যক্তি যেন কাপকেক নিয়েই খুশি থাকে, কারণ আইসিসির প্রতিযোগিতায় তারা চাপে পড়ে গিয়ে শেশ মুহূর্তে ট্রফি জিততে পারে না।
এই বিজ্ঞাপনের পরেই আমদাবাদে ডেভিড মিলারদের কাছে পরাস্ত হয় ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কনরাড বলেছেন, “বিশ্বকাপে সবসময়ই চাপ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ভাবে সেই চাপ কাটিয়ে ওঠা যায়।” এর পরেই ভারতকে খোঁচা দিয়ে কনরাড বলেছেন, “আমি মনে করি ভীতুদের জন্য আরও একটি ব্যাপার থাকে— ‘কাপকেক’। সেই বিজ্ঞাপন আমরা যথেষ্ট উপভোগ করেছি।”
এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবার ইডেনে শেষ চারে নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তারা অতিরিক্ত চাপ নিচ্ছেন না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ। কনরাডের কথায়, “নিউ জ়িল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেললে চাপ থাকবেই। তবে সেই চাপ নিয়ে অতিরিক্ত ভাবতে চাই না।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে