ক্রিকেটে অদ্ভুত ঘটনা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ফাইনাল খেলা চলছিল। হঠাৎ দেখা গেল, এক ক্রিকেটার কম। খোঁজ নিয়ে জানা গেল, ফাইনালের মাঝেই দল ছেড়ে বিমানে চেপে অন্য দেশে পাড়ি দিয়েছেন তিনি। ওই ক্রিকেটার যে এমনটা ঘটাবেন তা জানতই না দল ও বোর্ড। ফলে শাস্তির মুখে সেই ক্রিকেটার।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ডিভিশনের এক দিনের ক্রিকেট লিগে। ফাইনালে লায়ন্স বনাম টাইটান্সের খেলা চলছিল। লায়ন্সের হয়ে খেলছিলেন বেয়ার্স সোয়ানেপোয়েল। ২৪৯ রান তাড়া করছিল টাইটান্স। ডানহাতি পেসার বেয়ার্স ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। তার পরেই মাঠ ছেড়ে উঠে যান তিনি।
সকলে ভেবেছিলেন, হয়তো পায়ে টান ধরেছে বেয়ার্সের। সেই কারণে, তাঁর বদলে এক ফিল্ডারকে নামানো হয়। কিন্তু সকলকে অবাক করে মাঠ ছেড়ে বেরিয়ে যান ২৭ বছরের পেসার। যাওয়ার আগে নাকি দলের কয়েক জনকে বিদায় জানান তিনি। তার পরেই সেই খবর পৌঁছোয় টাইটান্সের কাছে। তারা আম্পায়ারের কাছে অভিযোগ করে। আম্পায়ার খোঁজ নিয়ে জানতে পারেন, বেয়ার্স চলে গিয়েছেন। ফলে পরিবর্ত ফিল্ডার তুলে নেওয়া হয়। ১০ জন মিলে ফিল্ডিং করে লায়ন্স। এক বল বাকি থাকতে হারে তারা।
দক্ষিণ আফ্রিকার লিগের পাশাপাশি ইংল্যান্ডে কাউন্টিতে খেলেন বেয়ার্স। উরস্টারশায়ারে রয়েছেন তিনি। কাউন্টি খেলার জন্যই বিমান ধরেন বেয়ার্স। কিন্তু আগে থেকে কাউকে জানাননি তিনি।
এই ঘটনা ভাল ভাবে নিচ্ছে না লায়ন্স। দলের চিফ এগ্জ়িকিউটিভ জোনো লিফ-রাইট জানিয়েছেন, তাঁরা আলোচনা করছেন। জোনো বলেন, “বেয়ার্সের এই কাজে আমরা ক্ষুব্ধ। ওর কাজ আমাদের দল ও খেলার সংস্কৃতির বিরুদ্ধে। সমর্থকদের ও হতাশ করেছে। ওর চুক্তি খারিজ করা হতে পারে।”
ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও। সেখানকার ঘরোয়া ক্রিকেটের দায়িত্বে থাকা এডি খোজা বলেন, “আমরা তদন্ত করে দেখছি। বেয়ার্স বোর্ডের নিয়ম ভেঙেছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা পড়বে। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ করব।”