ICC T20 World Cup 2026

নিসঙ্কার অবিশ্বাস্য শতরানে অসিদের হারিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা, টানা দু’ম‍্যাচ হেরে অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে জ়িম্বাবোয়ের দিকে

জ়িম্বাবোয়ের পর শ্রীলঙ্কার কাছেও হেরে গেল অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল দাসুন শনাকার দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২২
Share:

শতরানের পর পাথুম নিসঙ্কা। ছবি: আইসিসি।

জ়িম্বাবোয়ের পর শ্রীলঙ্কার কাছেও হেরে গেল অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল দাসুন শনাকার দল। প্রথমে ব্যাট করে ১৮১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ১৮৪ রান শ্রীলঙ্কার। ৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন পাথুম নিসঙ্কা। ফিল্ডিংয়েও নজর কেড়েছেন তিনি। এ দিনের হারের ফলে মিচেল মার্শের দলকে তাকিয়ে থাকতে হবে জ়িম্বাবোয়ের দিকে।

Advertisement

পাল্লেকেলের ২২ গজে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারলেন না অসিরা। ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ১৮২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে আউট হয়ে যান ওপেনার কুশল পেরেরা (৩)। তবে অপর ওপেনার নিসঙ্কা এ দিন অন্য পরিকল্পনা নিয়ে ব্যাট করতে নেমে ছিলেন। এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮২ রানের লক্ষ্য খুব কঠিন নয়। নিসঙ্কা সম্ভবত সেই লক্ষ্যকে আরও সহজ করে দেওয়ার চেষ্টা করেন।

অস্ট্রেলিয়ার কোনও বোলারকেই রেয়াত করলেন না নিসঙ্কা। মার্কাস স্টোইনিস, নাথান এলিস, অ্যাডাম জ়াম্পাদের বল অনায়াসে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দিশেহারা দেখাল অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শকে। ৫২ বলের অপরাজিত ইনিংসে মারলেন ১০টি চার এবং ৫টি ছক্কা। শ্রীলঙ্কার জয়ের রান তাঁর ব্যাট থেকে এলে সেটাই যথাযথ হত। জয়ের রান এল পবন রত্নায়েকের ব্যাট থেকে। তার আগেই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় নিসঙ্কার ব্যাট। সঙ্গী ওপেনারের কাছ থেকে সাহায্য না পেলেও নিসঙ্কার সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। তিনি করেন ৩৮ বলে ৫১। মারেন ৬টি চার এবং ১টি ছয়। এ দিন নিশঙ্কার তাণ্ডবের সামনে তাঁর আগ্রাসনও ফিকে পড়েছে! নিশঙ্কার ব্যাটিং শুধু অস্ট্রেলীয় ক্রিকেটারদের রক্তচাপই বাড়ায়নি, ক্রিকেটপ্রেমীদের টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ সুখ দিয়েছে। পবন ১৫ বলে ২৮ রানের ইনিংস খেললেও মন ভরছিল না গ্যালারিতে থাকা দর্শকদের। তাঁরা চাইছিলেন, স্ট্রাইকিং এন্ডে থাকুন নিসঙ্কাই। গোটা স্টেডিয়ামকে মোহিত করে ফেলেছিলেন তিনি। বোধহয় প্রতিপক্ষ বোলারদেরও। দেখা মনে হচ্ছিল, তিনি যেখানে বল চাইছেন, সেখানেই বল দিচ্ছেন অসি বোলারেরা! তার মধ্যেও স্টোইনিস ২ উইকেট নিলেন ৪৬ রান খরচ করে।

Advertisement

শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়েও নজর কেড়েছেন নিসঙ্কা। এ বারের বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচ ধরলেন শ্রীলঙ্কার ব্যাটার। দাসুন হেমন্তের বলে রিভার্স সুইপ করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। স্কোয়ার লেগে ফিল্ডার ছিলেন নিসঙ্কা। বাঁ দিকে শরীর ছুড়ে দিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ ধরেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে নিসঙ্কার এই ক্যাচই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা। ম্যাক্সওয়েলকে সাজঘরে ফিরিয়েই নিসঙ্কা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, দিনটা তাঁর। পড়তে পারেনি ক্রিকেট বিশ্বের সফলতম দল। সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছে নিসঙ্কার দুরন্ত ক্যাচ।

এর আগে ব্যাট টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শনাকা। প্রথমে ব্যাট করার সুযোগ সে ভাবে কাজে লাগাতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। মার্শ এবং ট্রেভিস হেড শুরুটা খারাপ করেননি। ওপেনিং জুটিতে ওঠে ১০৪ রান। মার্শ করেন ২৭ বলে ৫৪। মারেন ৮টি চার এবং ২টি ছয়। হেডের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৫৬ রানের ইনিংস। ৭টি চার এবং ৩টি ছয় মেরেছেন তিনি। হেমন্তের বলে হেড আউট হওয়ার পর এক রকম ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ধারাবাহিক ব্যবধানে উইকেট পড়তে শুরু করে। জস ইংলিস (২২ বলে ২৭) এবং ম্যাক্সওয়েল (১৫ বলে ২২) কিছুটা লড়াই না করলে অস্ট্রেলিয়ার অবস্থা আরও খারাপ হত।

ক্যামেরন গ্রিন (৩), টিম ডেভিড (৬), স্টোইনিস (৪), কুপার কোনোলি (৩), জ়েভিয়ার ব্র্যাটলেটেরা (০) ২২ গজে দাঁড়াতেই পারেননি। শ্রীলঙ্কার স্পিনারদের সামনে অসহায় দেখিয়েছে তাঁদের। একেক সময় অস্ট্রেলিয়াকে চেনাই যাচ্ছিল না জার্সি ছাড়া।ইনিংসের শেষ ২০ বলে ৭ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সে সময় উচ্ছ্বাসে শিশুর মতো লাফাতে দেখা গিয়েছে শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্যকেও। শ্রীলঙ্কার সফলতম বোলার হেমন্ত ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩৬ রানে ২ উইকেট দুষ্মন্ত চামিরার। ১টি করে উইকেট পেয়েছেন মাহিশ থিকসানা, দুনিথ ওয়েল্লালাগে এবং কামিন্ডু।

পর পর দু’ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার পথ কঠিন করে ফেলল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ওমানকে হারালেই শুধু হবে না। মার্শের দলকে তাকিয়ে থাকতে হবে জ়িম্বাবোয়ের দিকেও। শ্রীলঙ্কা বা আয়ারল্যান্ডের বিরুদ্ধে জ়িম্বাবোয়ে জিতলেই ছিটকে যাবে অস্ট্রেলিয়া। তারা বাকি দু’টি ম্যাচই হারলে আশা তৈরি হবে অস্ট্রেলিয়ার। সে ক্ষেত্রে দু’দলের পয়েন্টই হবে ৪। আবার জ়িম্বাবোয়েকে আয়ারল্যান্ড হারালে তাদের পয়েন্টও হবে ৪। তখন গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।

এ দিন অন্য ম্যাচে ইটালিকে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করে নিয়েছে ইংল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের দল করে ৭ উইকেটে ২০২। জবাবে ইটালির ইনিংস শেষ হয় ১৭৮ রানে। ইংল্যান্ডের উইল জ্যাকস ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement