IPL 2026

সূর্যকুমারের অর্ধশতরান, ব্যর্থ বাকি ব্যাটারেরা, দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৬২ তুলল মু্ম্বই

আইপিএলে প্রথম ম্যাচে কলকাতাকে হারিয়ে শুরুটা ভাল করেছিল মুম্বই। দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল তাদের ব্যাটিং। দিল্লির বিরুদ্ধে শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬২/৬ তুলল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৭:১৬
Share:

অর্ধশতরানের পর সূর্যকুমার। ছবি: পিটিআই।

আইপিএলে প্রথম ম্যাচে কলকাতাকে হারিয়ে শুরুটা ভাল করেছিল মুম্বই। দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল তাদের ব্যাটিং। দিল্লির বিরুদ্ধে শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬২/৬ তুলল তারা। সূর্যকুমার যাদব রুখে দাঁড়িয়ে অর্ধশতরান না করলে আরও খারাপ হত মুম্বইয়ের অবস্থা।

Advertisement

অসুস্থ থাকায় এ দিন হার্দিক পাণ্ড্য খেলতে পারছেন না। তাঁর জায়গায় নেতৃত্ব দেন সূর্য। দিল্লির অধিনায়ক অক্ষর পটেল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। কলকাতার বিরুদ্ধে রান পেয়েছিলেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। এ দিন প্রোটিয়া রিকেলটন ব্যর্থ। খুঁড়িয়ে খুঁড়িয়ে ১১ বলে ৯ রান করে ফিরে যান। একই ওভারে ফেরেন তিলক বর্মাও। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা দিয়ে মুম্বইকে চাপে ফেলে দেন মুকেশ কুমার।

সেখান থেকে হাল ধরেন রোহিত এবং সূর্যকুমার। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তাঁরা। রোহিত বেশ আগ্রাসী খেলছিলেন। ধীরে ধীরে অর্ধশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ২৬ বলে ৩৫ রান করে ফিরে যান তিনি। মেরেছেন পাঁচটি চার এবং একটি ছয়।

Advertisement

এর পর শেরফানে রাদারফোর্ডও টিকতে পারেননি। তিনি ৭ বলে ৫ রান করেন। সূর্যকুমারের সঙ্গে যোগ দেন নমন ধীর। একটা দিক রেখেছিলেন সূর্যকুমার। তিনি চালিয়ে খেলে তিনটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫১ করেন। নমন করেছেন ২১ বলে ২৮।

দিল্লির হয়ে মুকেশ দু’টি উইকেট নেওয়া ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন লুনগি এনগিডি, অক্ষর পটেল, বিপরাজ নিগম এবং টি নটরাজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement